ধাক্কায় দুই কাভার্ডভ্যানের মাঝে মোটরসাইকেল, নিহত ৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই কাভার্ডভ্যানে মাঝে পড়ে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের ইমাম নগর সড়কের রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, রাকিব, জাবেদ ও নয়ন। তাঁদের বাড়ি উপজেলার ছলিমপুর ইউনিয়নের ফকিরপাড়া এলাকার।
এদিকে এ ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালাচ্ছিল থানা ও হাইওয়ে পুলিশ।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে। এতে মোটরসাইকেলটি সামনে থাকা অপর কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে দুই গাড়ির (কাভার্ডভ্যান) মাঝে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহম্মদ পাঠান প্রথম আলোকে বলেন, রাত পৌনে ১০টার দিকে বানুর বাজারের দক্ষিণ পাশে ইমাম নগর সড়কের মাথায় ঢাকামুখী একটি কাভার্ডভ্যান তিন আরোহীর একটি মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিহত হয়। আহত হয় একজন। আহতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় আহত যুবককে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল্লাহ বলেন, লাশ দুটি উদ্ধার করতে রেকার ব্যবহার করতে হয়েছে। এতে কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়।