ধাতব মুদ্রা নিচ্ছে না ব্যাংক বিপাকে ক্রেতা-বিক্রেতারা
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিভিন্ন ব্যাংকের শাখায় ধাতব মুদ্রা (কয়েন) ও দুই টাকার নোট জমা নেওয়া হচ্ছে না। এতে বিপাকে পড়েছেন উপজেলার ক্রেতা-বিক্রেতারা। ব্যবসায়ীরা ক্রেতাদের কাছ থেকে এসব মুদ্রা নিলেও তা ব্যাংকে জমা দিতে পারছেন না। এতে পুঁজি-সংকটে পড়েছেন অনেক ব্যবসায়ী।
ব্যবসায়ীরা বলেন, কয়েন ও দুই টাকার নোট ব্যাংকে নেওয়া অলিখিতভাবে নিষিদ্ধ হয়ে আছে। এতে এক বছর ধরে ব্যবসায়ীদের কাছে লাখ লাখ টাকার কয়েন ও দুই টাকার নোট জমা হয়েছে। মুদ্রাগুলো অলস পড়ে থাকায় তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেক ব্যবসায়ী এসব কয়েন ও কাগজের ছোট নোট আর রাখার জায়গা পাচ্ছেন না। কেউ কেউ শতকরা ১৫ টাকা কমে কয়েন বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
ইসলামিয়া ব্রেড অ্যান্ড বিস্কুট কারখানার মালিক হারুনুর রশিদ পাটোয়ারী বলেন, ‘গত জুলাইয়ে ৭৫ হাজার টাকা কমে পাঁচ লাখ টাকার কয়েন বিক্রি করেছি। আরও দুই লাখ টাকার কয়েন জমা হয়েছে। শতকরা ১৫ টাকা কমেও এখন আর কেউ তা কিনছেন না।’
দেনায়েতপুর গ্রামের পারুল বেগম বলেন, তিনি মাটির ব্যাংকে ৩০০ টাকার কয়েন জমিয়েছেন। গত ২৫ অক্টোবর রায়পুরের মধ্যবাজারে মুদির দোকানে কেনাকাটা করতে যান। কিন্তু কেউ কয়েনগুলো নেননি।
সরকারি ও বেসরকারি ব্যাংকের রায়পুর শাখার দুজন ব্যবস্থাপক নাম প্রকাশ না করার শর্তে বলেন, যে ব্যক্তি ব্যাংকে কয়েন ও দুই টাকার নোট জমা দিতে চান, তিনিই আবার টাকা তোলার সময় কয়েন নিতে চান না। তা ছাড়া কয়েন ও ছোট নোটের কারণে ব্যাংকের ভল্ট ভরে যায়। গুনতে গুনতে অন্যদের সেবা দিতে সমস্যা হয়। এসব কারণে তাঁরা অলিখিতভাবে কয়েন ও ছোট কাগজের নোট জমা নিচ্ছেন না।
সোনালী ব্যাংক রায়পুর শাখার ব্যবস্থাপক শেখ মো. শাহাবুদ্দিন বলেন, ব্যাংকে কয়েন ও ছোট নোট জমা নেওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে এসব নোট গুনতে অনেক সময় লেগে যায়। এ কারণে অন্য গ্রাহকদের সেবা দিতে সমস্যা হয়।