ধাতব মুদ্রা নিয়ে বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাটির ব্যাংকে জমানো কিছু ধাতব মুদ্রা l প্রথম আলো
মাটির ব্যাংকে জমানো কিছু ধাতব মুদ্রা l প্রথম আলো

বগুড়ার ধুনটে ধাতব মুদ্রা দিয়ে এলাকাবাসী কোনো লেনদেন করতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাঙ্গী গ্রামের বাসিন্দা শিলা রানি সাহা বলেন, ‘প্রতিদিন বাজার খরচের টাকা থেকে এক, দুই ও পাঁচ টাকা করে ধাতব মুদ্রা মাটির ব্যাংকে জমা করেছিলাম। নয় মাসে এভাবে ২ হাজার ৩০০ টাকা জমা হয়। এ বছর পূজা উপলক্ষে বাচ্চাদের পছন্দের জিনিসপত্র ও জামাকাপড় কেনার জন্য গত সোমবার সকালে মাটির ব্যাংকটি ভেঙে ফেলি। পরে এই টাকা বাজারে নিয়ে গেলে কেউ তা নেয় নাই।’
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, দেশের অন্যান্য জায়গার মতো ধুনট উপজেলার অনেক ঘরে গৃহবধূ ও শিশুরা বাড়িতে প্রতিদিন খরচের একটি অংশ থেকে বাঁচিয়ে মাটির ব্যাংকে ধাতব মুদ্রা জমা রাখেন। মাটির ব্যাংক পূর্ণ হলে সেগুলো ভেঙে টাকাগুলো নিজেদের প্রয়োজনে ব্যবহার করেন। কিন্তু এ বছর মাটির ব্যাংক থেকে জমানো মুদ্রাগুলো দিয়ে বাজারে জিনিসপত্র কিনতে গিয়ে বিপাকে পড়েছেন এই উপজেলার বাসিন্দারা।
গতকাল বুধবার সকালে ধুনট বাজার এলাকায় ২০ জন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা ধাতব মুদ্রা দিয়ে পণ্য কেনাবেচা করতে পারছেন না। কারণ ব্যাংক এগুলো জমা নিচ্ছে না।
উপজেলার নলডাঙ্গা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আলমাস হোসেন বলেন, ‘অনেক দিন ধরে আমার ব্যবসাপ্রতিষ্ঠানে কয়েক হাজার টাকার ধাতব মুদ্রা পড়ে আছে। এই ধাতব মুদ্রা দিয়ে আমি কোনো কেনাবেচা করতে পারছি না।’
অগ্রণী ব্যাংক লিমিটেড ধুনট উপজেলা শাখার ব্যবস্থাপক জহুরুল ইসলাম বলেন, ‘আমাদের ব্যাংকেও অনেক টাকার ধাতব মুদ্রা জমা পড়ে আছে। কোনো ব্যবসায়ী ব্যাংক থেকে এই টাকা নিচ্ছেন না। এ কারণে আমাদের পক্ষে এসব ধাতব মুদ্রা জমা নেওয়া সম্ভব হচ্ছে না।’