ধাতব মুদ্রা নিয়ে বিড়ম্বনা

এক. খুলনা নগরের রূপসা ট্রাফিক মোড় এলাকায় একটি ভাসমান দোকান থেকে আখের রস খেয়ে দোকানিকে দুটি পাঁচ টাকার ধাতব মুদ্রা (কয়েন) দেন মানিক হাসান। দোকানি একটির বেশি কয়েন নিতে রাজি হননি। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হওয়ার পালা। পরে আশপাশের লোকজন দুজনকে শান্ত করেন।
দুই. বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার কয়েন বিক্রয় কাউন্টার থেকে হাসিমুখে বের হলেন খুলনা সরকারি মহিলা কলেজের ছাত্রী আশামনি। তিন দিন লম্বা লাইনে দাঁড়িয়ে তাঁর জমানো ৩০০ কয়েন ব্যাংকে জমা দিতে পেরেছেন। অনেক কষ্ট হলেও শেষ পর্যন্ত কয়েনগুলোকে টাকা বানাতে পারাটাই তাঁর এই খুশির কারণ।
মানিক হাসান বা আশামনির মতো আরও অনেকের কয়েন নিয়ে এ ধরনের বিড়ম্বনার যেন শেষ নেই। ক্রেতা-বিক্রেতা, রিকশাচালক—কেউই কয়েন নিতে চাইছেন না। এ নিয়ে সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে গণপরিবহন ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে।
বাংলাদেশ ব্যাংক খুলনা শাখা সূত্র জানায়, প্রায় দুই বছর ধরে বাংলাদেশ ব্যাংক বিনিময় কাউন্টার বন্ধ রেখেছে। মাস খানেক আগে সাধারণ গ্রাহকদের জন্য তিনটি কয়েন বিক্রয় কাউন্টার খোলা হয়। কিন্তু বর্তমানে একজনের কাছ থেকে যেকোনো মূল্যের মাত্র ১০০টি কয়েন নেওয়া হচ্ছে একটি কাউন্টারে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক খুলনা শাখায় গিয়ে দেখা যায়, ব্যাংকের একটি কাউন্টারে কয়েন জমা নেওয়া হচ্ছে। সেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নারী ও পুরুষ। তাঁরা খুলনার বিভিন্ন উপজেলার পাশাপাশি আশপাশের জেলা থেকেও এসেছেন।
খুলনা বিএল কলেজের শিক্ষার্থী মারুফা জাহান বলেন, তিনি ছোটবেলা থেকে কয়েন জমিয়েছেন। এখন সেই কয়েন ভাঙাতে গিয়ে পড়েছেন বিপদে। একদিনে ১০০টির বেশি কয়েন ভাঙাতে পারছেন না। আর কয়েন জমাবেন কি না, প্রশ্নে তিনি বলেন, ‘মাথা খারাপ, আর কয়েন জমিয়ে বিপদে পড়ি!’
যশোর থেকে ১৫ হাজার কয়েন নিয়ে আসা ব্যবসায়ী রাজু আহমেদ বলেন, যশোরে কয়েন নিচ্ছে না। এ জন্য তিনি বাংলাদেশ ব্যাংকে এসেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্যাংকে একবারে কয়েন সংগ্রহের পরিমাণ কম হওয়ায় ব্যবসায়ীরা আর কয়েন নিতে চাইছেন না। আবার সাধারণ মানুষও কয়েন না নেওয়ায় ব্যবসায়ীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ছেন।
এ বিষয়ে ঢাকা ব্যাংক খুলনা শাখার ক্যাশ অফিসার কাজী তিলোত্তমা ইসলাম বলেন, ‘কয়েন আমরা নিচ্ছি না, তা নয়। তবে রাখার জায়গার সমস্যার কারণে একবারে বেশি নেওয়া সম্ভব হচ্ছে না।’
কয়লাঘাট কালীবাড়ী এলাকার পাইকারি বিক্রেতা রাজু ইসলামের ৫০-৬০ হাজার কয়েন জমে গেছে। জানালেন, কয়েনের জন্য তাঁর ব্যবসা আটকে যাচ্ছে। ক্রেতাদের সঙ্গে সম্পর্কের অবনতি হচ্ছে।
ডাচ্-বাংলা ব্যাংক খুলনা শাখার উপব্যবস্থাপক দীবাকর বিট অভিযোগ করে বলেন, ‘আমাদের ভল্ট কয়েন ভরা, তারপরও আমরা কম পরিমাণে হলেও কয়েন নিচ্ছি। কিন্তু বাংলাদেশ ব্যাংক তো আমাদের কাছ থেকে কয়েনই নিচ্ছে না।’
এসব বিষয়ে যোগাযোগ করলে বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার উপমহাব্যবস্থাপক (ব্যাংকিং) এস এম হাসান রেজা বলেন, এখানে কাউন্টার বাড়িয়ে কোনো লাভ হবে না। কেন্দ্রীয়ভাবে একটা কৌশল বের না করা পর্যন্ত এ সমস্যা রয়েই যাবে। বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে কয়েন নিতে পারছে না। বাজারে একই নোটের ধাতব ও কাগজের মুদ্রা চালু থাকায় গ্রাহকেরাও কয়েন নিতে আগ্রহী হচ্ছেন না। তিনি বলেন, একটা সুরাহা না হলে মানুষের মধ্যে ক্ষুদ্র সঞ্চয়ের মানসিকতা কিছুটা হলেও কমবে।