ধাত্রীবিদ্যায় পেশাগত সনদ দিতে বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নার্সিং পেশার পাশাপাশি ধাত্রীবিদ্যায় (মিডওয়াইফারি) ডিগ্রিধারীদের পেশাগত সনদ দেওয়ার বিধান রেখে সংসদে বিল পাস হয়েছে। আজ বুধবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ-সংক্রান্ত বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল বিল ২০১৬ সংসদে পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।

১৯৮৩ সালের বাংলাদেশ নার্সিং কাউন্সিল অর্ডিন্যান্স বাতিল করে কিছু সংশোধনীসহ নতুন আইন করতে বিলটি আনা হয়েছে। বিলে বলা হয়েছে, নিবন্ধন ছাড়া কেউ নার্সিং, ধাত্রী বা সহযোগীর পেশায় নিয়োজিত থাকলে তিন বছরের কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। স্বীকৃত প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান নার্সিং, ধাত্রী বা সহযোগী পেশার শিক্ষা কার্যক্রম চালালে ওই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

এ ছাড়া ঢাকাসহ পার্শ্ববর্তী পাঁচটি জেলার মধ্যে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) নির্মাণে জেল-জরিমানার বিধান রেখে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) বিল ২০১৬ বুধবার সংসদে পাস হয়েছে। বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিলের ওপর দেওয়া বিরোধীদলীয় সদস্যদের ২৯টি সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হয়। বিলে বলা হয়েছে, এই আইন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলায় কার্যকর হবে।

সংসদের অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত মুলতবি করা হয়।