ধাত্রীসেবা চাহিদার ৪১ শতাংশ পূরণ করা সম্ভব হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রসবের আগে, প্রসবের সময় ও প্রসবের পরে দেশের ধাত্রীসেবা চাহিদার মাত্র ৪১ শতাংশ পূরণ হচ্ছে। গ্রামের চেয়ে শহরে এই সেবা বেশি পাওয়া যাচ্ছে। ধাত্রীসেবা বা মিডওয়াইফারি সেবা নিয়ে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) বৈশ্বিক প্রতিবেদন ২০১৪-তে এ তথ্য দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা শাখা রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন প্রকাশ করে। ইউএনএফপিএ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুষ্ঠান আয়োজনে সহায়তা করে। প্রতিবেদনে মা ও নবজাতক মৃত্যুর হার কমাতে ধাত্রীপেশাকে গুরুত্ব দিয়ে এ ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, ধাত্রীশিক্ষায় বিনিয়োগ করলে তা থেকে ১৬ গুণ বেশি লাভ পাওয়া যায়। এ লাভ হলো জীবন বাঁচানো ও স্বাভাবিক প্রসব বাড়িয়ে অস্ত্রোপচার করে সন্তান প্রসবের খরচ কমানো।
প্রতিবেদনের তথ্য উপস্থাপন করেন ইএনএফপিএর জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা (মিডওয়াইফারি) মিশেলা মিশেল-স্কুলডট। বিশ্বের নিম্ন ও মধ্য আয়ের ৭৩টি দেশে ধাত্রীসেবা পরিস্থিতি, ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের বিভিন্ন দিক প্রতিবেদনে স্থান পেয়েছে।
অনুষ্ঠানে একাধিক আলোচক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে জাতিসংঘের এমডিজি সম্মেলনে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০১৫ সালের মধ্যে তিন হাজার ধাত্রীকে শিক্ষা ও প্রশিক্ষণের পর নিয়োগ দেওয়া হবে। তিন হাজার ধাত্রীর পদ সৃষ্টির প্রক্রিয়া চলছে। ২০১২ সাল থেকে তিন বছর মেয়াদি ধাত্রী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এতে প্রশিক্ষণ নিচ্ছেন ৫২৫ জন। প্রতিবেদনেও বাংলাদেশের এসব অগ্রগতির তথ্য পৃথকভাবে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের মোট মাতৃ ও নবজাতক মৃত্যু এবং মৃত সন্তান প্রসবের ৯২ শতাংশের বেশি ঘটছে ৭৩টি দেশে। এসব দেশে নার্স ও ধাত্রীদের সংখ্যা কম বলেই মা ও নবজাতক মৃত্যুহার বেশি হচ্ছে।
আলোচনায় অংশ নিয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার অস্ত্রোপচার করে সন্তান প্রসবের পরিবর্তে স্বাভাবিক প্রসব করানোর বিষয়টিতে গুরুত্ব দেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা শাখার অতিরিক্ত সচিব এ এন শামসুদ্দিন আজাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি এন প্যারানিটহারান, ইউএনএফপিএর উপপ্রতিনিধি আইরি কাটো, সেবা পরিদপ্তরের পরিচালক তাসলিমা বেগম, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার সুরাইয়া বেগম, বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির সভাপতি হালিমা আক্তার।