কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ও গম কেনায় অনিয়মের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সরকারি প্রতিশ্রুতি-সম্পর্কিত সংসদীয় কমিটি। খাদ্য অধিদপ্তরও অনিয়মের বিষয়টি স্বীকার করেছে কমিটির সভায়।
গতকাল সোমবার সংসদ ভবনে কমিটির বৈঠকে ধান ও গম কেনায় অনিয়ম নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে ক্রয় পদ্ধতি নিয়ে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা কমিটির সদস্যেদের তোপের মুখে পড়েন। নতুন কী প্রক্রিয়ায় ধান ও গম কিনলে কৃষকেরা লাভবান হবেন, তা বের করার জন্য খাদ্য অধিদপ্তরকে সুপারিশ করা হয়।
কমিটির সদস্য শহীদুজ্জামান সরকার প্রথম আলোকে বলেন, সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও গম কেনার কথা ছিল। কিন্তু কেনা হয়েছে মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে। সরকারের ভাবমূর্তি রক্ষায় মধ্যস্বত্বভোগী এবং অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
বৈঠকে উপস্থিত কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বৈঠকে বলেছেন, আগেভাগে অভিযোগ পেলেও মাঠপর্যায়ে সবকিছু তাঁদের নিয়ন্ত্রণে ছিল না। অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণের চেষ্টা করেও তাঁরা ব্যর্থ হয়েছেন।
বৈঠকে খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে পাঁচটি প্রকল্পের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়। এসব প্রকল্পের ব্যয় ঠিক রেখে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে মাস্টারপ্ল্যান তৈরির সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে রহমত আলী, আবদুল কুদ্দুস, এ কে এম শাহজাহান কামাল ও মীর মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন।