ধান ও রবিশস্যের খেতে লোনাপানি
‘বেশি লাবের মুখ দেইখ্যা চরের ব্যাক্কে (সবাই) সোয়ামিন (সয়াবিন) আর ইরি ধান (বোরো) লাগান (আবাদ) দরল। তেইত্তাবার কী এক পোক আইয়্যা সোয়ামিনের পাতা খাইয়্যা ছাপ কইর্যা দিছে। হ্যার পরেও খরচ উইড্যা আইছিল। কিন্তু গত বছর বন্যার লগে (অস্বাভাবিক জোয়ার) নুন (লবণ) পানি উইড্যা সব পইচ্যা গেছে। কিছুই গরোত (ঘর) নিতাম পারিনো। এই বছরও একই অবস্তা। লোসকান (ক্ষতি) দিতো দিতো মরনের দশা অইছে।’ গত বুধবার এ কথাগুলো বলেন ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের কৃষক সাইফুল্যাহ।গত ১৯ মার্চ অস্বাভাবিক জোয়ারে লোনাপানি উঠে ভোলার ২০ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে যায়। এর মধ্যে দৌলতখানের মাঝেরচরের মদনপুর এলাকার ছয় হাজার হেক্টরের বিভিন্ন ফসলের খেতেও পানি ওঠে। লোনাপানিতে সাইফুল্যাহর মতো অনেক কৃষকের খেতের সয়াবিন, বোরো ধানসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে গেছে। একই সঙ্গে লবণমিশ্রিত ঘাস খেয়ে বেশ কয়েকটি গরু-ছাগল মারা গেছে।গত বুধবার মদনপুর এলাকায় গিয়ে দেখা গেছে, খেতের সয়াবিনগাছ কালো হয়ে যাচ্ছে। সয়াবিন, তরমুজ, মরিচ, মুগ, খেসারি, পেঁয়াজ-রসুন, শাকসবজি ও বোরো ধানের খেত থেকে এখনো পানি নামেনি। ধানগাছের পাতা লাল রং ধারণ করেছে। ঘাসের ওপর চার-পাঁচ ইঞ্চি পলি জমেছে। জমে থাকা পানি কালো হয়ে গেছে। এ জন্য ফসল ও ঘাস পচে গন্ধ বের হচ্ছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, লবণমিশ্রিত ঘাস খেয়ে মদনপুরের বশির জমাদার ও মো. কাঞ্চনের একটি করে মহিষ এবং আবদুস সালামের একটি ছাগলসহ পাঁচটি গবাদিপশু মারা গেছে। এ ছাড়া অসংখ্য গবাদিপশু লবণমিশ্রিত ঘাস খেয়ে অসুস্থ হয়ে পড়েছে।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার জানান, লোনাপানির ঘাস খেয়ে গবাদিপশু পাতলা পায়খানা করতে পারে, তবে মারা যাওয়ার কথা না। বিষাক্ত কিছু খেয়ে বা অন্য কোনো কারণে এগুলো মারা যেতে পারে।স্থানীয় আজিজুল হক জানান, তাঁরা খালের পানি ফিটকিরি মিশিয়ে পান করেন। কিন্তু এবার জোয়ারের পানিতে বিষাক্ত লবণ থাকায় সেই পানি পান করে কারও আমাশয়, আবার কারও ডায়রিয়া হয়েছে।জানা গেছে, লোনাপানি ওঠায় জাহাঙ্গীরের তিন একর ২০ শতাংশ জমির সয়াবিন, ৩০ শতাংশের মুগ ও ৪০ শতাংশের পেঁয়াজ; মোস্তফা মাঝির দুই একর ৪০ শতাংশের সয়াবিন; আলতু মাঝির তিন একর ২০ শতাংশের সয়াবিন; আলম মাঝির ৮০ শতাংশের সয়াবিনসহ অনেক কৃষকের রবিশস্য পচে গেছে।কৃষকেরা জানান, গত দুই বছর চৈত্র মাসে অস্বাভাবিক জোয়ারে বিষাক্ত লোনাপানি উঠে তাঁদের সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তাঁদের চরের চারপাশে বাঁধ ও স্লুইস গেট নির্মাণ করলে এ সমস্যা থাকবে না বলে তিনি জানান। মদনপুর ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা বেনজির আহমেদ বলেন, চরের প্রায় তিন হাজার হেক্টর জমির রবিশস্য হুমকির মুখে রয়েছে। বাকি তিন হাজার হেক্টর জমির বোরো ধানের পাতা লাল হতে শুরু করেছে। এতে ফলন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, ‘বেশ কয়েক বছর আগে মাঝেরচরের সাড়ে ১২ বর্গকিলোমিটার এলাকার একটি রিং বাঁধের প্রকল্প আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম।’