প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে সৃষ্ট বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। নতুন করে ধানখেত তলিয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি। কৃষকেরা পাকা ও আধা পাকা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন। আর একসঙ্গে ধান কাটতে গিয়ে পারিশ্রমিক মেটাতে কৃষকেরা হিমশিম খাচ্ছেন।
এদিকে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নাটোরের সিংড়া ও গুরুদাসপুর উপজেলার সরকারি সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে সব কর্মকর্তা ও স্থানীয় সরকার বিভাগের জনপ্রতিনিধিদের নির্বাচনী এলাকা ত্যাগ না করার পরামর্শ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভা শেষে জেলা প্রশাসক শাহিনা খাতুন এ সিদ্ধান্তের কথা জানান।
গতকাল শুক্রবার দুপুরে চলনবিলের দমদমা, জোড়মল্লিক, চৌগ্রাম, বিলদহর, নূরপুর, কৃষ্ণনগর, কলম, নিংগুইন, তেলিগ্রাম, সিধাখালি, জোলারবাতা ও হাঁসপুকুরিয়া এলাকা ঘুরে দেখা যায়, পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। নতুন করে আর কোনো ধানখেত তলিয়ে যায়নি। কৃষকেরা তলিয়ে যাওয়া পাকা ও আধা পাকা ধান কাটছেন। কাটা ধান জমি থেকে তুলে এনে রাস্তার পাশে জড়ো করছেন। কারও চোখেমুখে নতুন ফসল ঘরে তোলার আনন্দ নেই।
সিংড়ার কলম গ্রামের কৃষকবদিবার মোল্লা বলেন, ‘আমি আট বিঘা জমিতে বোরো ধান করেছিলাম। এর মধ্যে তিন বিঘার ধান তলায়ে গেছে। শ্রমিকের অভাবে ধান কাটতে পারছি না। প্রত্যেক শ্রমিক প্রতিদিন ৬০০ টাকা করে পারিশ্রমিক চাচ্ছেন। বর্তমানে ধান বেচেও এত টাকা তোলা সম্ভব নয়। তাই পানি নামার অপেক্ষায় আছি। পানি নামলে হয়তো পারিশ্রমিক কমবে।’
হাঁসপুকুরিয়া গ্রামের শাজাহান আলী বলেন, শ্রমিকের অভাবে ধান কাটতে না পেরে তাঁরা আতঙ্কে সময় কাটাচ্ছেন। প্রায় প্রতিটি জমির ধান এক সপ্তাহ ধরে ১ থেকে ২ ফুট পানির নিচে রয়েছে। তাড়াতাড়ি ধান কাটতে না পারলে সব ধান পচে যাবে।
সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, নতুন করে চলনবিলে পানি ঢোকার কোনো খবর তিনি পাননি। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার পানি উন্নয়ন বোর্ডের জলকপাটগুলো ব্যবহৃত হয় না। এ কারণে সম্প্রতি এসব জলকপাট নামানো যায়নি। ফলে নদ-নদীর পানি অনায়াসে চলনবিলে ঢুকে পড়েছে। এগুলো জরুরি ভিত্তিতে মেরামত করা দরকার।
জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম চাষিদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেন, মঙ্গলবার থেকে বৃষ্টিবাদল নেই। ফলে দু-এক দিনের মধ্যেই পানি কমতে শুরু করবে। ধান কাটা নিয়ে সমস্যা হবে না। প্রয়োজন বুঝে ধান কাটলে শ্রমিক সংকট থাকবে না।
বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসকের সভাপতিত্বে সম্মেলনকক্ষে বন্যা পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি সভা হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনিরুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার, সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ। ঘণ্টাব্যাপী সভায় কর্মকর্তাদের ছুটির দিনেও কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়। বিশেষ করে পাউবো, কৃষি বিভাগ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও দুর্যোগ ত্রাণ কার্যালয়ের কর্মকর্তাদের অধিক সতর্ক থাকতে বলা হয়েছে। জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা প্রণয়ন ও ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে সচেষ্ট হওয়ার জন্য সংশ্লিষ্ট কার্যালয়গুলোকে পরামর্শ দেন।