ধান কাটতে যাননি নান্দাইল ও ঈশ্বরগঞ্জের শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার হাজারো শ্রমিক ধান কাটা ও মাড়াইয়ের কাজ করার জন্য এবার হাওর অঞ্চলে যেতে পারেননি। বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকে বোরো ফসল তলিয়ে যাওয়ায় এবার ওই এলাকার কৃষকেরা তাঁদের ডাকেননি। এতে তাঁরা বাড়তি আয়ের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।
সম্প্রতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওর এলাকার ফসল রক্ষা বাঁধ ভেঙে যায়। অনেক এলাকায় বাঁধ উপচে খেত প্লাবিত হয়। ফলে এসব এলাকার ফসল পানির নিচে তলিয়ে যায়।
হাওর অঞ্চলে ধান কাটা-মাড়াইয়ের কাজ করার জন্য নান্দাইল ও ঈশ্বরগঞ্জের বিভিন্ন গ্রামে শ্রমিক সরদার থাকেন। তাঁরা দল নিয়ে বাসে করে হাওর এলাকায় গিয়ে ফসল কাটা-মাড়াই করেন। এবার গত বুধবারসহ কয়েক দিন নান্দাইল চৌরাস্তা এলাকায় অপেক্ষা করে বাসে শ্রমিকের ভিড় দেখা যায়নি।
নান্দাইল ও ঈশ্বরগঞ্জের ১২টি গ্রামের শ্রমিক সরদারদের সঙ্গে কথা বলে জানা যায়, একেকজন সরদারের অধীনে ১৫ থেকে ৩০ জন শ্রমিকের দল থাকে। দুটি উপজেলায় এ রকম শতাধিক সরদার রয়েছেন। প্রতিবার বোরো মৌসুমে ধান কাটা-মাড়াইয়ের কাজ প্রতিটি দলের জন্য আগাম ঠিক করা থাকে। ফসল কাটার সময় ঘনিয়ে এলেই শ্রমিক সরদারদের খবর পাঠানো হয়। সরদার তাৎক্ষণিক নোটিশে দল গঠন করে গন্তব্যে রওনা হন। কিন্তু এবার তাঁরা ধান কাটার ডাক পাননি। ফলে বছরের প্রথম দিকে বড় আয় থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা।
নান্দাইলের দেউলডাংরা গ্রামের মো. নাজিম উদ্দিন বলেন, ‘গত মৌসুমে তিনি ১৮ জনের একটি দল নিয়ে কিশোরগঞ্জের অষ্টগ্রাম এলাকায় গিয়েছিলেন। সে সময় ধান কাটা-মাড়াই করার কাজের পারিশ্রমিক বাবদ একেকজন শ্রমিক ভাগে প্রায় ২০ বস্তা করে ধান পান। কিন্তু এবার আগাম বন্যায় হাওরের বোরো ফসল তলিয়ে গেছে। তাই আমাদের কেউ ডাকেনি।’
খামারগাঁও গ্রামের বাসিন্দা ও শিক্ষক প্রবাল কান্তি মজুমদার বলেন, এ গ্রাম থেকে শতাধিক শ্রমিক এই সময়ে ভাটি অঞ্চলে ধান কাটতে যেতেন। সেখানে অস্থায়ীভাবে বসবাস করার জন্য কিছু শ্রমিক তাঁর বাঁশঝাড় থেকে দু-একটা বাঁশ চেয়ে নিয়ে যেতেন। কিন্তু এবার কেউ বাঁশ চাননি।
কাওয়ারগাতি গ্রামের কাবিল মিয়া বলেন, তাঁর গ্রামের শ্রমিকেরাও এবার ভাটি অঞ্চলে যাননি।
নান্দাইলের চৌরাস্তা এলাকার মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নন্দন মিয়া বলেন, ‘গত বছর এই সময়ে শ্রমিক ভর্তি অনেক রিজার্ভ বাস চলাচল করেছে। কিন্তু এবার সেটি নেই বললেই চলে। ভাটি অঞ্চলের ভালো ফলনের সঙ্গে উজান এলাকার অর্থনৈতিক সম্পর্ক আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে। এর আঁচ আমরাও পেয়ে থাকি। কিন্তু এবারের ফসলহানির কারণে শ্রমজীবী মানুষের বড় একটা অংশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’