ধান কাটা এখন তাদের পেশা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এখন বোরো ধান কাটার ভরা মৌসুম চলছে। এ মৌসুমে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ ধান কাটার জন্য উপজেলার নানা এলাকায় ছড়িয়ে পড়ে। মজুরি বেশি হওয়ায় তারা এ কাজে যোগ দিচ্ছে। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।এলাকাবাসী জানান, ধানকাটায় প্রতিদিন খাওয়াসহ ৩০০ থেকে ৩৫০ টাকা মজুরি পাওয়া যায় । চুক্তিতে যারা কাজ করে, তাদের রোজগার আরও বেশি। এ জন্য ভ্যান-রিকশার চালক, রাজমিস্ত্রির সহকারী ও তাঁতশ্রমিকেরা ধান কাটার জন্য বিভিন্ন এলাকায় চলে গেছেন।গতকাল শনিবার ধান কাটতে আসা রিকশাচালক বেতুয়া গ্রামের শহিদুল ইসলাম বলেন, ‘রিকশা চালিয়ে সারা দিনে যে টাকা আয় হয়, ধান কাটলে তার চেয়ে বেশি পাওয়া যায়। এ জন্য ধান কাটছি।’তাঁতশ্রমিক আসাদুল ইসলাম বলেন, ধান কাটার এ মৌসুমে তাঁত বোনা বাদ দিয়া ধান কাটি। কারণ, রোজগার বেশি হয়। এক বেলা খাওয়াও পাওয়া যায়।’উপজেলার ধানগড়া গ্রামের বাসিন্দা শাহিনুল ইসলাম বলেন, ‘ভ্যান-রিকশা ঠিকমতো পাওয়া যায় না বলে ভাড়াও বেড়েছে কয়েক গুণ। ধানগড়া থেকে লক্ষ্মীকোলা যেতে আগে জনপ্রতি ভাড়া ছিল তিন টাকা; এখন আমাকে ভাড়া গুনতে হচ্ছে ১০ টাকা।’উপজেলার লক্ষ্মীকোলা গ্রামের তাঁতমালিক আজমল হোসেন সওদাগর জানান, ধানকাটার এ মৌসুমে শ্রমিকেরা ঠিকমতো কাজে না আসায় উৎপাদন ব্যাহত হচ্ছে।ধানগড়া এলাকার ফেরদৌস আলম বলেন, ‘কয়েক দিন আগে পাকা করার জন্য ঘর ভেঙে নিয়েছি। কিন্তু রাজমিস্ত্রি ঠিকমতো কাজ করছেন না। তাঁরা বলেন, “জোগাইলা (রাজমিস্ত্রির সহকারী) ঠিকমতো পাওয়া যাচ্ছে না”।’