ধান কাটা নিয়ে সংঘর্ষ গৃহবধূ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে খোদেজা বেগম নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের আরও চারজন আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলার রাজনগর খায়েরগাঁওয়ের ধানখেতে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, খায়েরগাঁওয়ের রমজান আলী ও লালচান্দ নামের দুই ব্যক্তির পক্ষের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল দুপুরে রমজান আলীর লোকজন বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গেলে লালচান্দের লোকজন বাধা দেয়। এতে উভয় পক্ষে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে রমজান আলীর পক্ষের লোকজনের সুলফির আঘাতে লালচান্দ পক্ষের খোদেজা বেগম (৩৮) নামের একজন গৃহবধূ ঘটনাস্থলে নিহত হন। তিনি খায়েরগাঁওয়ের হানিফ মিয়ার স্ত্রী। সংঘর্ষে আমির হোসেন, শহীদ মিয়া, নূরুল হক ও আবদুল জব্বার নামের চারজন আহত হন। তাঁদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ঘটনাস্থল পরিদর্শনকারী কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত খোদেজার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। খোদেজার স্বামী হানিফ মিয়া বাদী হয়ে ২৪ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।