ধান কাটা নিয়ে সংঘর্ষ, দুজন নিহত
লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার উত্তরদল গ্রামে বিরোধপূর্ণ জমির ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত আটজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
আহত লোকজনের মধ্যে চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সাতজনকে আটক করেছে।
নিহত দুই ব্যক্তি হলেন আবুল কাশেম (৬০) ও মজিবর রহমান (৪২)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, একটি জমির মালিকানা নিয়ে স্থানীয় দুই ভাই আবদুল মালেক ও আবদুল খালেকের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। ওই জমিতে মালেক ধানের আবাদ করেছেন। ধান পাকার পর গতকাল সোমবার মালেকের ভাই আবদুল খালেকের লোকজন জমির কিছু ধান কেটে নেন। আজ সকালে আবার খালেকের পক্ষের লোকজন সেখানে ধান কাটতে গেলে উভয় পক্ষে প্রথমে কথা-কাটাকাটি ও পরে সংঘর্ষ বেধে যায়। এতে মালেক পক্ষের আবুল কাশেম ঘটনাস্থলে এবং খালেক পক্ষের আহত মজিবর রহমান বিকেলে রংপুর মেডিকেলে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
সংঘর্ষে আহত আটজনের মধ্যে উত্তরদল গ্রামের আবদুস সালাম (৪০), কহিনুল ইসলাম (২৬), শহিদুল ইসলাম (৩১) ও তোতা মিয়াকে (৩৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কালিগঞ্জ থানা পুলিশ আবদুল খালেক পক্ষের সাতজনকে আটক করে থানায় নিয়ে যায়। তাঁরা হলেন রিয়াজুল ইসলাম (৬০), হাসিব উদ্দিন (৬১), আজিবর রহমান (৩৫), হাবিবুর রহমান (১৬), আহেলা খাতুন (২৬), আবিদা সুলতানা (২৮) এবং নাজমা বেগম (২৭)।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আবুল কাশেমের পরিবারের পক্ষ থেকে কালিগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।