ধান কাটার মৌসুমে ভোটার উপস্থিতি কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপজেলা পরিষদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছেন নারী ভোটাররা৷ গতকাল দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে থেকে তোলা ছবি । প্রথম আলো
উপজেলা পরিষদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছেন নারী ভোটাররা৷ গতকাল দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে থেকে তোলা ছবি । প্রথম আলো

রংপুরের চারটি উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল সোমবার ভোটারের উপস্থিতি কম ছিল। বোরো ধান কাটার মৌসুমের কারণে উপস্থিত ভোটারদের মধ্যে পুরুষের চেয়ে বেশি ছিলেন নারী।
গতকাল দুপুর ১২টার দিকে গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের খেতে কাজ করছেন শমসের আলী। তিনি বলেন, ‘ভোট দিবার গেইলে খামো কী? একবেলা খাবারসহ ২৫০ টাকায় ধান কাটার কাজ করতুছি।’ একই ধরনের কথা বলেন তাঁর সঙ্গে খেতে কাজ করা আরও কয়েকজন৷
সরেজমিনে অন্তত ২০টি কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতিটি কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল হাতে গোনা। এর বেশির ভাগই নারী।
সদর উপজেলার পাগলাপীর দাখিল মাদ্রাসায় বেলা ১১টায় এমন কয়েকজন নারী ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের স্বামীরা ধান কাটতে মাঠে গেছেন। এর মধ্যে আয়েশা আক্তার বলেন, ‘এ সময়ে জমিত কাজ আছে। কাম না করলে খামো কী? তাই ওমরা (স্বামী) ভোট দিবার আইসে নাই।’ একই উপজেলার ধনতলা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দুপুর ১২টায় দেখা যায়, পুরুষ ভোটকেন্দ্রেওর লাইনে কোনো ভোটার নেই। পাশেই নারী ভোটারের দীর্ঘ সারি৷ এখানে আলেয়া বেগম বলেন, ‘বাড়ির কামকাজ করিয়া ভোট দিবার আসছি। বাড়ির কর্তা (স্বামী) কামোত গেইছে। বিকালে সময় থাকলে ওমরা ভোট দিবার পারে।’
দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি উচ্চবিদ্যালয়, বড়বিল উচ্চবিদ্যালয়, গঙ্গাচড়া মডেল স্কুল অ্যান্ড কলেজসহ বেশ কিছু কেন্দ্র ঘুরে একই দৃশ্য দেখা গেছে৷
চার উপজেলায় গড়ে ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানা যায়। তবে নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর জানা যায়নি।
গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জানান, এ কেন্দ্রে মোট তিন হাজার ৩৮৭ ভোটের মধ্যে ভোট পড়েছে এক হাজার ৬৪৭টি।
গতকাল রংপুর সদর, গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।