ধান কেটে, কাপড় সেলাই করেও সফল ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে বেড়ে উঠেছে তারা। কেউ ধান কাটার শ্রমিকের কাজ করেছে, কেউ করেছে কাপড় সেলাইয়ের কাজ। আবার কেউ ছোটবেলা থেকেই গৃহশিক্ষকের কাজ করে সংসারে সাহায্য করেছে। শত বাধা-বিপত্তির মধ্যেও তারা পড়াশোনা চালিয়ে গেছে। পেয়েছে সাফল্য। গরিব ঘরের এসব ছেলেমেয়ে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। শত প্রতিকূলতার মুখেও সফল এমনি কজন মেধাবী শিক্ষার্থীর জীবনের গল্পটা শোনা যাক। সিডরে ভাঙা ঘরের মতো সাজেদার ভবিষ্যৎ!: ঘূর্ণিঝড় সিডরে তছনছ হয়ে যাওয়া তাদের বাড়িটি এখনো ঠিক করা হয়নি। সে সামর্থ্যও নেই তাদের। সাজেদা আক্ষেপ করে বলে, ‘গরিব বলে ভালো কলেজ তো দূরে থাক, সামান্য একটা কলেজেও ভর্তি হতে পারব না।’ কথাগুলো বলতে বলতে বাষ্পরুদ্ধ হয়ে ওঠে সাজেদার কণ্ঠ।সাজেদা আক্তার এবার বরগুনা সদর উপজেলার গৌরিচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে।তার মা পারুল বেগম বলেন, ‘মেয়েটা পড়াশোনার জন্য কত্তো কষ্ট করছে। মানসের বাড়ির মেয়েরা পুরান কাপর-ছোপর দেছে হেইয়্যা পইর‌্যা স্কুলে গেছে। দুঃখের কতা কি কমু? কোনো দিন তিন বেলা খাওনও পায় নাই, গরিব মানসের ঘরে সব দিন তো আর খাওন থাহে না। মুই মানসের বাড়ি কাম-কাইজ কইর‌্যা যে খাওন পাই হেইয়্যা পোলাপান লইয়্যা খাই। একজনের খাওনে কী চাইরজনের অয় কন?’ চার ভাইবোনের মধ্যে সাজেদা তৃতীয়। বড় বোনের বিয়ের পর মা ও দুই ভাই নিয়ে তাদের সংসার।কয়েকবার পড়া বন্ধ হয়ে গিয়েছিল বাশারুলের: অভাবের তাড়নায় বার বার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে ছেলেটির। শিক্ষক ও সহপাঠীরা বাড়িতে গিয়ে তাকে স্কুলে নিয়ে এসেছেন। মাগুরা সদর উপজেলার শ্রীকান্তপুর গ্রামের বাশারুলের স্কুলজীবনে এমন বহুবার ঘটেছে। এমনকি এসএসসির নির্বাচনী পরীক্ষার মাস তিনেক আগেও তার স্কুলে আসা বন্ধ হয়ে গিয়েছিল। বরাবরের মতো শিক্ষক, সহপাঠীরা তার বাড়ি গিয়ে হাজির। সেদিন স্কুলে ফিরেছিল বাশারুল ইসলাম। যথারীতি পরীক্ষাও দেয় সে এবং আরাধ্য ফলটি অর্জন করে।মাগুরা সদরের জাগলা এইচ এম হাইস্কুল থেকে সে এবার বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। বাশরুলের বাবা ওয়াদুদ মোল্লা ভ্যানচালক, মা জাহানারা বেগম অন্যের বাড়িতে কাজ করেন। তাঁরা জানান, পরীক্ষা শেষে প্রতিবেশীদের সঙ্গে বাশারুল নড়াইলে ধান কাটার কাজ করতে গিয়েছিল। জাগলা এইচ এম হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক জানান, পরিবারকে সাহায্য করতে গিয়ে বহুবার ছেলেটার পড়াশোনা বন্ধের উপক্রম হয়েছিল। শান্তার রোজগারে পরিবার ও পড়া দুই-ই চলত: ষষ্ঠ শ্রেণী থেকেই গৃহশিক্ষকের কাজে নামে শান্তা। আশপাশের স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের পড়িয়ে নিজের লেখাপড়ার খরচ চালাত সে। পাশাপাশি পরিবারকেও সাহায্য করত। অন্য গৃহশিক্ষকেরা যেখানে জনপ্রতি ৫০০ টাকা করে পেতেন সেখানে শান্তা পেত মাত্র ১৫০-২০০ টাকা। ওই টুকুন বয়সেই প্রতি মাসে হাজারখানেক টাকা রোজগার করত সে। এভাবে পড়াশোনা করে শান্তা শর্মা এবার কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা উচ্চবিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে।উপজেলার পুরান বাজারের হিন্দুপাড়া গ্রামে তাদের বাড়ি। তিন ভাইবোনের মধ্যে শান্তা দ্বিতীয়। তার বড় ভাই পলাশ শর্মা ২০০৮ সালে একই স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছিল। মা অনিমা শর্মা বলেন, ‘শান্তার লেখাপড়া যে দেখেছে সে-ই হতবাক হয়েছে। চোখে ঘুম নেই, ছিল শুধু লেখাপড়া।’জাকাতের টাকায় চলেছে মইনুলের পড়া!: জাকাত, ফিতরার টাকা তুলে ছেলের পড়ার খরচ জোগাতেন মা। বাবা অসুস্থ। লোকজন তাঁকে কাজে নেয় না। পরিবারের বড় ছেলে হিসেবে মইনুল ইসলামকে রোজগারে নামতে হয়। ফল প্রকাশের দিনও সে জমিতে ধান কাটছিল। দিনরাত কঠোর পরিশ্রমের পর পড়াশোনা করে এবার এসএসসি পরীক্ষায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয় থেকে মইনুল ইসলাম বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তাদের বাড়ি কুশলপুর গ্রামে। তারা তিন ভাই। মা নূরবানু জানান, মইনুলের এসএসসির ফরম পূরণের সময় একটি ছাগল বিক্রি করতে হয়েছিল। তিনি বলেন, পরীক্ষার দুই মাস আগে এক প্রতিবেশী একটি চার্জার লাইট ধার দিয়েছিল। দিনে মানুষের বাড়িতে কাজ করত সে। আর গভীর রাতে পড়ত। মইনুল ইসলাম জানায়, সহপাঠীদের কাছ থেকে বই-খাতা ও শিক্ষকদের সহায়তা নিয়ে পড়াশোনা করেছে সে। মাঝখানে দুই বছর পড়তে পারেনি। মানুষের বাড়িতে কাজ করে আবার স্কুলে ভর্তি হয়েছে। গুচ্ছগ্রামের রত্ন হালিমা: শারীরিক প্রতিবন্ধী বাবা তেমন কিছু করতে পারেন না। মা অন্যের বাড়িতে কাজ করেন। আর মেয়ে হালিমা পারভিন এলাকার মেয়েদের জামা-কাপড় সেলাই করে বাবার সংসারে সাহায্য করেছে। পাশাপাশি নিজের পড়াশোনাটাও চালিয়ে গেছে একমনে। জয়পুরহাট সদর উপজেলার ভাদসা উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে সে এবার জিপিএ-৫ পেয়েছে।হালিমাদের বাড়ি সদর উপজেলার ভাদসা পালীবাড়ি গুচ্ছগ্রামে। মা নাদিরা বেগম জানান, কোনো কোনো দিন মেয়ে না খেয়ে স্কুলে গেছে। পরে অন্যের বাড়ি থেকে ভাত চেয়ে স্কুলে গিয়ে দিয়ে এসেছেন। বেসরকারি একটি সংস্থা হালিমার ফরম পূরণের টাকা দিয়েছে। গুচ্ছগ্রামের প্রতিবেশী মতিফুর ইসলাম বলেন, ‘আমাদের গুচ্ছগ্রামের রত্ন হালিমা আক্তার। আমরা ৩৬০ ঘর এখানে বাস করি। এ রকম রেজাল্ট আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করেছে।’ ভাদসা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন জানান, হালিমা আক্তার লেখাপড়ায় প্রথম থেকেই ভালো। হতদরিদ্র হয়েও সে ভালো ফল করেছে। [প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন এম জসীম উদ্দীন, বরগুনা; কবির হোসেন, মাগুরা; গিয়াস উদ্দিন, টেকনাফ (কক্সবাজার); সাদেকুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) ও আসাদুল ইসলাম, জয়পুরহাট]