ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিলেন তাঁরা

যশোরের দুই দরিদ্র কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন ২১ জন তরুণ–তরুণী। জেলায় ধান কাটা শ্রমিকের তীব্র সংকটের মধ্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গতকাল শুক্রবার এ কাজ করেন তাঁরা। এই তরুণেরা বলছেন, অন্যদের কাছে তাঁদের একটাই বার্তা: অবসরে এমন কাজ করলে সম্মান বাড়বে ছাড়া কমবে না।
যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন দেখো সমাজ কল্যাণ সংস্থা’ এ উদ্যোগ নেয়। সংগঠনের ওই ২১ সদস্য গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার হাশিমপুর গ্রামের কৃষক শাহীন হোসেনের ১৩ কাঠা এবং সবুর বিশ্বাসের নয় কাঠা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
সংগঠনের সভাপতি জহির ইকবাল প্রথম আলোকে বলেন, ‘অতিবৃষ্টির কারণে যশোর অঞ্চলের কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। তার ওপর ধান কাটা শ্রমিকের তীব্র সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় দরিদ্র কৃষকেরা চরম দুশ্চিন্তার মধ্যে আছেন। যে কারণে আমরা দুজন কৃষকের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি। এর মধ্য দিয়ে আমরা অন্য তরুণ-যুবকদের এই বার্তা দিয়েছি যে ছুটির দিনে নিজের এলাকার কৃষকের খেতের ধান কেটে সহায়তা করা যায়। এতে সম্মান বাড়বে ছাড়া কমবে না।’
যশোর কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় ১ লাখ ৫১ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়। অতিবৃষ্টিতে ১৭ হাজার হেক্টর জমির ধানগাছ পড়ে নষ্ট হয়েছে। বৃষ্টির আগে ৪০ হাজার হেক্টর জমির ধান কৃষক কেটে ঘরে তুলতে পেরেছেন। এখনো অনেক জমির ধান খেতে রয়েছে।
সদর উপজেলার ছোট-বড় গোপালপুরের কৃষক শামীম বিশ্বাস এ বছর আট বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেন। শ্রমিক-সংকটের কারণে তিনি সব ধান ধরে তুলতে পারেননি। শামীম বিশ্বাস বলেন, এদিকে ধান কাটা শ্রমিক পাওয়া যাচ্ছে না, যে কারণে অন্য জেলা থেকে শ্রমিক এনে ধান কাটাতে হচ্ছে। এখন ছয় হাজার টাকা বিঘা দরে ধান কাটাতে হচ্ছে। গত বছর ছিল তিন হাজার টাকা।