ধান কেটে কৃষকের হাসি ফোটাল ভিক্টোরি অব হিউম্যানিটির সদস্যরা

সময়টা এখন ধান কাটার। কৃষকের দিন কাটে ব্যস্ততায় আর উৎসবের মিশ্রণে। দূরদূরান্ত হতে শ্রমিক আসে রুটিরুজির আশায়। অথচ করোনার সর্বগ্রাসী থাবায় থমথমে চারিদিক। কৃষকের কপালে চিন্তার ভাঁজ! ধান কাটবে কে? এই যখন অবস্থা তখন এগিয়ে এসেছে ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন। কুমিল্লার লাকসামের সংগঠনটি উপজেলায় আগে থেকেই পরিচিত মানবিক কর্মগুণে। এবার আরও একবার দেখাল মানবিকতা।
দিনব্যাপী উপজেলার চার নং ইউনিয়ন কান্দিরপাড়ের ইরুয়াইন ও পৌরসভার পেয়ারাপুর গ্রামে কেটে দেয় কৃষকদের সোনার ফসল বোরো ধান। এরপর সেই ধান মাথায় বোঝাই করে পৌঁছে দেয় কৃষকের বাড়ি। সংগঠনের সদস্যরা ফ্রি তে কাজ করেছেন তা ভাববার জো নেই! কৃষকের সঙ্গে ভাগাভাগি করে খেয়েছেন পান্তাভাত। না! মজুরি হিসেবে নয়। মাটি ও মানুষের সঙ্গে মিশে গিয়ে সংগঠনের তরুণ সদস্যরা যেন বার্তা দিল সকলকে- এই তো সময় কাঁধে কাঁধ রেখে এগিয়ে যাওয়ার।

কেবল ইরুয়াইন ও পেয়ারাপুরে স্বেচ্ছাশ্রম দিয়েই ক্ষান্ত নয় ওরা। চালু করেছে হটলাইন। গোটা উপজেলার যেকোন গ্রামে ধান কাটার প্রয়োজনে তাদের কল দিলেই ওরা হাজির হবে।
পৌর মেয়র আবুল খায়ের ভিক্টোরি অব হিউম্যানিটির এমন উদ্যোগকে সাধুবাদ জানান তরুণদের। পাশাপাশি আহ্বান জানান এই দূর্যোগে সকলে যেন এগিয়ে আসে। তিনি আরো বলেন, লাকসামে বোরো ধানের যথেষ্ট ফলন হয়েছে যা লাকসামবাসীর চাহিদা মিটিয়ে সরবরাহ করা যাবে কুমিল্লার অন্যান্য উপজেলাতেও।
কৃষিনির্ভর বাংলাদেশে কৃষক অসহায় হয়ে পড়ার মানে হচ্ছে দেশ অচল হওয়া। কিন্তু আশার প্রদীপে সলতে জ্বালিয়ে ভিক্টোরি অব হিউম্যানিটির সদস্যরা যেভাবে এগিয়ে এসেছে, তাতে কৃষকের দুশ্চিন্তা দূর হয়ে চওড়া হবে মুখের হাসি।