বরিশালে সরকারের নির্ধারিত মূল্যে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক-মজুর সংহতি ও বাংলাদেশ কিষানী সভা। গতকাল বুধবার সকালে বরিশাল নগরের অশ্বিনীকুমার হল চত্বরে এক সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, সরকার কৃষকের কাছ থেকে সরাসরি ধান না কেনায় মধ্যস্বত্বভোগীরা লাভবান হচ্ছেন। আর কৃষকেরা তাঁদের উৎপাদন খরচও তুলতে পারছেন না। তাই তাঁরা উৎপাদন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। অবিলম্বে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার সিদ্ধান্ত নিয়ে কৃষকদের আশ্বস্ত করা উচিত। একই সঙ্গে বিদেশ থেকে চাল বা খাদ্যশস্য আমদানি বন্ধ করতে হবে। সমাবেশ শেষে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন কৃষকেরা। সমাবেশে বক্তব্য দেন দেওয়ান রশীদ, রুবিনা ইয়াসমিন, হারুনর রশীদ মাহমুদ, আরিফুর রহমান, নবীন আহম্মেদ প্রমুখ। বরিশাল অফিস|