ধান গবেষণায় সরকার সার্বিক সহায়তা দেবে: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খরা, লবণাক্ততা ও জলাবদ্ধতাসহিষ্ণু জাতের ধান আবিষ্কার করতে হবে। পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলের জন্য নতুন নতুন জাতের ধান উদ্ভাবন করতে হবে। ধানের ওপর গবেষণার ক্ষেত্রে সরকার সব ধরনের সহায়তা দেবে। গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) ২০০৮-০৯ বর্ষের পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।ব্রির মহাপরিচালক মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান, ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক, ব্রির পরিচালক (প্রশাসন) এনামুল হক প্রমুখ। কর্মশালায় গবেষণাপত্র উপস্থাপন করেন ব্রির উচ্চশিক্ষা ও গবেষণা সমন্বয়কারী সাইদুল ইসলাম। পাঁচ দিনের কর্মশালায় প্রায় ৩০০ প্রতিনিধি অংশ নিচ্ছেন।