ধান ঘরে তোলার আগে পাতা ঝলসানো রোগ
বগুড়ার শিবগঞ্জে খেত থেকে বোরো ধান ঘরে তোলার আগমুহূর্তে পাকা ধানে পাতা ঝলসানো রোগ ছড়িয়ে পড়েছে। এতে বড় ধরনের লোকসানের আশঙ্কায় চিন্তিত হয়ে পড়েছেন চাষিরা।
উপজেলার মাঘিহট্ট ইউনিয়নের গামড়া গ্রামের বোরো চাষি কফিল উদ্দিন (৫০) বলেন, ‘খেতে ধান পাকতে শুরু করেছে। কিছুদিনের মধ্যেই পাকা ধান কাটা শুরু হতো। এ অবস্থায় খেতে পাতা ঝলসানো রোগ ছড়িয়ে পড়েছে। রোগের আক্রমণ যেভাবে বাড়ছে, তাতে আমাদের সব শেষ হয়ে যাবে।’
ছাতুয়া গ্রামের এখলাছুর রহমান (৪৫) বলেন, ‘তিন দফা কালবৈশাখী থেকে যে ধান রক্ষা পেল সেই ধান ঘরে তোলার আগেই যদি রোগে শেষ হয়, তাহলে কেমনে সহ্য হয়? একে তো ধানের দাম নেই। তার ওপর এবার ফলনেরও এই দশা। কী করব ভেবে পাচ্ছি না।’ তিনি আরও বলেন, ‘বোরো চাষিরা ফলন বাঁচাতে কীটনাশকের দোকানে দোকানে ঘুরছেন। তবে কীটনাশক বিক্রেতারা তেমন কোনো ভরসা দিতে পারছেন না। তাঁরা যত দ্রুত সম্ভব ফসল ঘরে তুলে নিতে পরামর্শ দিচ্ছেন।
উপজেলার দামগাড়া গ্রামের সাত-আটজন চাষি জানান, কালবৈশাখীর পর বোরো খেতে এই পাতা ঝলসানো রোগ দেখা দেয়। এই রোগে এক জমি আক্রান্ত হলে তা দ্রুত অন্য জমি এবং মাঠ থেকে মাঠে ছড়িয়ে পড়ে। প্রথম দিকে ধানগাছের পাতার আগার দিকে নীলচে দাগ দেখা যায়। এগুলো আস্তে আস্তে হালকা হলুদ বর্ণ ধারণ করে পুড়ো পাতাই বিবর্ণ হয়ে যায়। এরপর ধীরে ধীরে শিষ ও ধানগাছের গোড়া আক্রান্ত হয়। এভাবেই একসময় শিষে থাকা ধান চিটা হয়ে যায়।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় ২১ হাজার ৩৬০ হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে। তিন দফা ঝড়ে অনেক খেতের ফলনই ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জমির ধানই ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট (বিএলবি) বা পাতা ঝলসানো রোগে আক্রান্ত হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মহব্বত হোসেন বলেন, এই রোগ দমনে কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ছুটির দিনেও তাঁরা মাঠে কাজ করছেন। সচেতনতামূলক প্রচারপত্র বিলিসহ কৃষকদের নানা ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।