ধান-চাল ক্রয়ে অনিয়ম-দুর্নীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুরে ধান-চাল সংগ্রহ ও বিতরণে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এবং ওসি-এলএসডি দুর্নীতি-অনিয়ম করছেন বলে উপজেলা চালকল মালিক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা অভিযোগ করেছেন। এ ব্যাপারে চালকল মালিক ও জনপ্রতিনিধিরা উপজেলা সমন্বয় কমিটির সভায়ও মৌখিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেছেন। খাদ্য নিয়ন্ত্রক এবং ওসি-এলএসডি বলছেন, চালকল মালিক ও জনপ্রতিনিধিদের অনিয়ম মেনে না নেওয়ায় তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এলএসডির তালিকাভুক্ত চালকল মালিক মোস্তফা, মোস্তাফিজুর রহমান, বাবুল হোসেনসহ অনেকে অভিযোগ করেন, খাদ্য নিয়ন্ত্রক ও ওসি-এলএসডিকে ঘুষ না দিলে তাঁদের হয়রানি করা হয়। খাদ্যগুদামে চাল দিতে গেলে প্রতি বস্তায় ২৫ টাকা করে ঘুষ দিতে হয়। তা ছাড়া ওসি-এলএসডি চাল নিতে চান না। বিভিন্নভাবে হয়রানি করেন।চালকল মালিকেরা আরও অভিযোগ করেন, ২০১১-১২ অর্থবছরে উপজেলায় তিনটি চালকলের সনদ বাতিল করা হয়। তিন লাখ টাকা ঘুষের বিনিময়ে খাদ্য নিয়ন্ত্রক এবং ওসি-এলএসডি গত সেপ্টেম্বরে ওই তিনটি চালকলের নামে বরাদ্দকৃত ১২১ দশমিক ৭ মেট্রিক টন চাল গোপনে আটজন চালকল মালিককে বরাদ্দ দিয়ে দেন। এ ব্যাপারে ৪২ জন চালকল মালিক ধান চাল সংগ্রহ কমিটির সভাপতি ও ইউএনওর কাছে অভিযোগ করেছেন। ওসি-এলএসডি গোলাম মওলা ও খাদ্য নিয়ন্ত্রক ইমদাদুল হক জানান, বিরামপুরে লাইসেন্সপ্রাপ্ত ৫০টি চালকল রয়েছে। হাতেগোনা কয়েকটি চালকল ছাড়া বেশির ভাগেরই লাইসেন্স পাওয়ার যোগ্যতা নেই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলেই চালকল মালিকেরা তাঁদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ তোলেন। গোপনে আটজন মালিককে চাল বরাদ্দ দেওয়া প্রসঙ্গে তাঁরা জানান, চালকল মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের দেওয়া তালিকা অনুযায়ী আটজনকে ১২১ মেট্রিক টন বরাদ্দ দেওয়া হয়েছে। চালকল মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান দাবি করেন, তিনি ১২১ মেট্রিক টন চাল সব চালকল মালিককে আনুপাতিক হারে বরাদ্দ দিতে বলেছিলেন। আটজনের কোনো তালিকা তিনি দেননি। ধান-চাল সংগ্রহ কমিটির সভাপতি ও ইউএনও রোখছানা বেগম ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে মৌখিক অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।