ধান-চাল সংগ্রহে অনিয়ম?
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় খাদ্যগুদামে চলতি মৌসুমে ধান-চাল সংগ্রহে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এসব অনিয়ম-দুর্নীতির প্রতিকার চেয়ে চালকল মালিক সমিতির একাংশ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছে।
উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, উপজেলায় চলতি মৌসুমে সাত হাজার ৩৪৩ মেট্রিক টন চাল ও ৬৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৯৭টি চালকল থেকে এই চাল সংগ্রহের চুক্তি করা হয়। প্রতিটি চালকল থেকে সর্বনিম্ন ৩৫ ও সর্বোচ্চ ১১০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হচ্ছে। এ পর্যন্ত দুই হাজার ৩৪০ মেট্রিক টন চাল সংগ্রহ হয়েছে।
খাদ্য গুদামের চাল সরবরাহের নীতিমালা অনুযায়ী, চলমান চালকল, আলাদা চাতাল, আলাদা বিদ্যুৎ, ধান সেদ্ধ করার দুটি হাউস, বয়লার ও গুদামঘর আছে কি না, তা যাচাই-বাছাই করে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক চালকল মালিকদের সঙ্গে চুক্তি করবেন।
খোঁজ নিয়ে জানা গেছে, যেসব চালকলের সঙ্গে খাদ্যগুদাম চুক্তি করেছে সেগুলোর অধিকাংশই পরিত্যক্ত। পৌর শহরের শাহ পরান চালকল, মদিনা চালকল, মুমু চালকল, জান্নাত চালকল, মাধু চালকল দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এ ছাড়া অনেক চালকল একাধিক নামে এবং একই চালকল একাধিক মালিকানা দেখিয়ে ভিন্ন লাইসেন্সের মাধ্যমে চাল সরবরাহের চুক্তি করেছে। এদের মধ্যে গড়কান্দার সাবিনা, হক মিনি অটো, ফাতেমা, রিপন, একতা, রফিক ও আলী অ্যান্ড মেরিনা চালকলের বিপরীতে দুই থেকে তিনটি করে লাইন্সেস রয়েছে।
চালকল মালিক সমিতির একাংশের নেতা ও ময়না চালকলের মালিক আলী আহমেঞ্চদ জানান, কিছু অসাধু ব্যবসায়ী খাদ্যনিয়ন্ত্রকের যোগসাজশে অনেক পরিত্যক্ত চালকল খাদ্যগুদামের সঙ্গে চুক্তি করেছে।
চালকল মালিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, পরিত্যক্ত চালকল ও একাধিক লাইন্সেসের মাধ্যমে চাল সরবরাহের বিষয়ে তিনি কিছু বলতে চাননি। উপজেলা খাদ্যনিয়ন্ত্রক আবদুল বাতেন জানান, সঠিক সময়ে চাল সংগ্রহের স্বার্থেই চাল সংগ্রহ কমিটির পরামর্শে কিছু ক্রটিপূর্ণ চালকলের সঙ্গে চুক্তি করা হয়েছে। ধান-চাল সংগ্রহ কমিটির সভাপতি ও ইউএনও আবেদ আলী জানান, পরিত্যক্ত কোনো চালকলের সঙ্গে চুক্তি হওয়ার কথা নয়। এক চালকলের বিপরীতে যদি একাধিক লাইন্সেস থাকে, তাহলে জেলা খাদ্যনিয়ন্ত্রকের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।