ধান-চাল সংগ্রহে অবৈধ লেনদেনের অভিযোগ
চাল বরাদ্দের চিঠি নিতে খাদ্য কর্মকর্তাদের কেজিপ্রতি ৭৫ পয়সা থেকে এক টাকা হারে দিতে হয়েছে। টাকা না দিলে তাঁরা চিঠি আটকে দেন। আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক ও খাদ্যসচিবের কথা বলেও চালকলপ্রতি অতিরিক্ত দুই হাজার টাকা নেওয়া হয়েছে।খুলনা জেলা খাদ্যনিয়ন্ত্রকের দপ্তরে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সামনে গত রোববার এই অভিযোগ তোলেন রূপসা উপজেলার নন্দনপুর চালকলমালিক আবদুল জব্বার শেখ। তিনিসহ কয়েকজন চালকলমালিকের অভিযোগ, ওই দপ্তরের কতিপয় অসাধু কর্মকর্তা চালকলমালিকদের কাছ থেকে এভাবে অর্থ নেওয়া ছাড়াও রূপসা চালকলমালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলীকে পাক্ষিক ছাঁটাই ক্ষমতার বাইরে ১০০ টন বেশি চাল বরাদ্দ দিয়েছেন। এ ঘটনায় উপজেলার ক্ষুব্ধ ১৬ জন চালকলমালিক জেলা খাদ্যনিয়ন্ত্রক শুধাংশু হাওলাদার ও খাদ্যপরিদর্শক তৈয়েবুর রহমানের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বোরো মৌসুমে খুলনায় ১০ হাজার ৭১০ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশের পর জেলা খাদ্যনিয়ন্ত্রকের দপ্তর মহানগর ও উপজেলা চালকলমালিকদের পাক্ষিক ছাঁটাই ক্ষমতা অনুযায়ী চাল বরাদ্দ দেয়। এই বরাদ্দের সময় কেজিপ্রতি ৭৫ পয়সা থেকে এক টাকা হারে উৎকোচ নির্ধারণ করা হয়। জেলায় এ বছর চাল সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৮৩ টন। সেই হিসাবে চালকলমালিকদের কাছ থেকে উৎকোচ বাবদ কোটি টাকার বেশি আদায় করা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক চালকলমালিকেরা প্রথম আলোকে বলেন, গত ৩ মে শুরু হওয়া চাল সংগ্রহের প্রথম দফায় তাঁদের কেজিপ্রতি ৭৫ পয়সা করে উপরি দিতে হয়েছে। দ্বিতীয় দফায় পাক্ষিক ছাঁটাই ক্ষমতার বাইরে অতিরিক্ত চাল বরাদ্দের জন্য কেজিপ্রতি দিতে হয়েছে এক টাকা হারে। রূপসা উপজেলার চালকলমালিকদের পাক্ষিক ছাঁটাই ক্ষমতার বাইরে এবার দ্বিতীয় দফায় অতিরিক্ত ৩৪৫ টন চাল বরাদ্দ দেওয়া হয়। এ সময় অবৈধ সুবিধার বিনিময়ে মিলমালিক সমিতির সভাপতিকে অতিরিক্ত ১০০ টন চাল বরাদ্দ দেয় খাদ্যনিয়ন্ত্রকের দপ্তর। এ ঘটনার প্রতিবাদ করলে জেলা খাদ্যনিয়ন্ত্রক ও খাদ্য পরিদর্শক নানা রকম টালবাহানা করে বিষয়টি এড়িয়ে যান।এ বিষয়ে মোহাম্মদ আলী বলেন, ‘শুধু রূপসা নয়, খুলনা মহানগরসহ জেলার সব উপজেলার মিলারদেরও এই হারে জেলা খাদ্যনিয়ন্ত্রকের দপ্তরে টাকা দিতে হয়েছে। আমাকে যে অতিরিক্ত ১০০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, তার লাভ উপজেলার অন্য মিলাররাও পাবেন। এ বিষয়ে মিলারদের সঙ্গে কথা হয়েছে।’তবে খাদ্যপরিদর্শক তৈয়েবুর রহমান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। খাদ্যনিয়ন্ত্রক শুধাংশু হাওলাদার বলেন, ‘চালকলমালিকদের ছাঁটাই ক্ষমতার বাইরে বরাদ্দ না দেওয়ায় এসব মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করছেন তাঁরা। এখানে কোনো দুর্নীতি হয়নি।’