ধান-চাল সংগ্রহের সময় বাড়ানোর প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর ও রাজশাহী বিভাগের খাদ্যগুদামগুলোতে জায়গা না থাকায় ধান-চাল সংগ্রহের সময়সীমা ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে খাদ্য অধিদপ্তর। গত সোমবার খাদ্য মন্ত্রণালয়ের কাছে এ প্রস্তাব দেওয়া হয়েছে।বর্তমান সময়সীমা অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর সরকারের ধান-চাল সংগ্রহ অভিযান শেষ হওয়ার কথা। খাদ্য অধিদপ্তর বলছে, পর্যাপ্ত জায়গা না থাকায় এই সময়ের মধ্যে নির্ধারিত পরিমাণে ধান-চাল সংগ্রহ করা সম্ভব হবে না।খাদ্য অধিদপ্তর রংপুর ও রাজশাহী বিভাগের গুদামগুলোতে পর্যাপ্ত জায়গা না থাকাকে সময় বাড়ানোর কারণ উল্লেখ করে বলেছে, জায়গার অভাবে এই দুই অঞ্চলের খাদ্যগুদামে চুক্তি করা ৮৮ হাজার ৫২১ মেট্রিক টন চাল রাখা যাচ্ছে না। আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে এই তথ্য জানিয়ে সংগ্রহের সময়সীমা আরও এক মাস বাড়ানোর প্রস্তাব করা হয়। এই প্রস্তাব বিবেচনায় নিয়ে অধিদপ্তর সংগ্রহের সময় আরও ১৫ দিন বাড়ানোর জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ পাঠিয়েছে।খাদ্য বিভাগ সূত্র জানায়, সরকার মোট দেড় লাখ মেট্রিক টন ধান ও নয় লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। এই লক্ষ্যমাত্রার বিপরীতে সোমবার পর্যন্ত ৫৬ হাজার ৩৯ মেট্রিক টন ধান ও সাত লাখ ৮২ হাজার ৮৭৩ মেট্রিক টন চাল সরকারি গুদামগুলোতে সংগ্রহ করা হয়েছে। পুরোনো ও নতুন মিলিয়ে সরকারি গুদামগুলোতে বর্তমানে প্রায় ১৪ লাখ টন ধান-চাল ও গম রয়েছে।এ ছাড়া সরকার প্রায় দেড় লাখ টন আতপ চাল সংগ্রহ করছে। ওই চাল মূলত সিলেট ও চট্টগ্রাম বিভাগে উৎপাদিত হয়। উত্তরাঞ্চলের গুদামে জায়গা সংকুলান না হওয়ায় চট্টগ্রাম ও সিলেট বিভাগ থেকে এই আতপ চাল সংগ্রহ করে সেখানকার খাদ্যগুদামেই রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে কেবল সিলেট ও চট্টগ্রামের গুদামগুলোতেই চাল রাখার জায়গা আছে।খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমদ হোসেন খান এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, উত্তরাঞ্চলের গুদামগুলোতে চাল রাখার জায়গা নেই। তাই এখন যদি উত্তরাঞ্চল থেকে চাল সংগ্রহ করে সিলেট ও চট্টগ্রামের গুদামে রাখা হয়, তা হলে পরিবহন ও কুলি বাবদ খরচ বাড়বে। ওই খরচ বাঁচাতে এই পরিকল্পনা।