ধান-চালের দাম নিয়ে আর হিতোপদেশ নয়: মতিয়া
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘উন্নয়নশীল দেশের একজন নাগরিক হিসেবে আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে বলতে চাই, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। আপনারা জ্বালানি তেল ও সারের দাম কমানোর জন্য কথা বলুন। সেটি হলে আমি আমার দেশের ধান-চালের দাম স্থিতিশীল রাখতে পারব। তেল-সার নিয়ে কথা না বলে অযথা একচোখা নীতি অবলম্বন করবেন না। অযথা হিতোপদেশ দেবেন না।’গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ধান ও চালের দাম নিয়ে নীতিনির্ধারণী সংলাপে কৃষিমন্ত্রী এ কথা বলেন। ব্র্যাক, বাংলাদেশ রাইস ফাউন্ডেশন (বিআরএফ) এবং ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (আইএফপিআরআই) যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।কৃষিমন্ত্রী বলেন, ‘এবার দুটি কারণে এই সময়ে চালের দাম কিছুটা কম। প্রথমত, দক্ষিণাঞ্চলে সচরাচর এই সময় ধান হতো না। আমরা ৩৫ কোটি টাকা সহায়তা হিসেবে দিয়েছি। এবার সেখানে এই মৌসুমে দুই লাখ টন চাল উৎপাদন হয়েছে। ফলে উত্তরবঙ্গ থেকে এই পরিমাণ চাল দক্ষিণবঙ্গে যাওয়ার প্রয়োজন হয়নি। আবার উত্তরবঙ্গে একই সময় বিনা-৭ ধান উঠেছে। প্রকৃতিও এবার ভালো ছিল। সব মিলিয়ে আড়তদারেরা বুঝে গেছে চালের দাম আর বাড়বে না। তাই তারা মজুদ ধান বাজারে ছেড়ে দিয়েছে। এ কারণেই ধান ও চালের দাম কিছুটা কম।’ মন্ত্রী আরও বলেন, ‘তবে এ নিয়ে উদ্বেগের কিছু নেই। আমি খবর নিয়েছি, ধানের দাম বাড়তে শুরু করেছে।’ কৃষিমন্ত্রী এনজিওগুলোর সমালোচনা করে বলেন, ‘ভিক্ষা দেওয়া ও নেওয়াকে অনেকে ক্রেডিট মনে করে। আমরা এর থেকে বেরিয়ে আসতে চাই। এ জন্য উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই।’মতিয়া চৌধুরী বলেন, সরকার কখনোই আমন ধান কেনে না। তার পরও যদি প্রয়োজন হয়, তাহলে সেটিও করা হবে।মূল প্রবন্ধে ব্র্যাকের নির্বাহী পরিচালক ও বিআরএফের চেয়ারম্যান মাহবুব হোসেন বিভিন্ন সময়ের চালের দামের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, গত বছর আমন ধান ওঠার আগে প্রতি মণ ধানের দাম ছিল ৭৫০ থেকে ৯০০ টাকা। গত বোরো মৌসুমে তা কমে ৬০০ থেকে ৭০০ টাকা হয়। আর বর্তমানে এক মণ ধানের দাম ৫০০ থেকে ৬৫০ টাকা হয়েছে। আমনের এ দাম পতনে বোরো মৌসুমে ধানের উৎপাদনের ওপর প্রভাব ফেলবে। সংলাপে সভাপতিত্ব করেন কৃষিসচিব সি কিউ কে মোস্তাক আহমেদ। পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক এম এ সাত্তার মণ্ডল, খাদ্যসচিব বরুণ দেব মিত্র, অর্থনীতিবিদ সাজ্জাদ জহির, আইএফপিআরইএর আখতার আহমেদও সভায় বক্তব্য দেন।