ধান চাষিদের মুখে হাসি
টানা চার বছর ধান চাষ করে লোকসান দেওয়ার পর এবার রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার কৃষকদের মুখে হাসি ফুটেছে। চলতি আমন মৌসুমের শুরুতে প্রতি মণ (২৮ কেজি) মোটা জাতের ধান বাজারে বিক্রি হচ্ছে ৫২০ থেকে ৫৪০ টাকায়। কৃষকেরা জানান, এই দামে ধান বিক্রি করে তাঁরা লাভের মুখ দেখছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় এবার প্রায় ২৮ হাজার হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। তারাগঞ্জের শিকারপাড়া গ্রামের কৃষক ফজলুল হক বলেন, ‘চাইর বছর থাকি ধান চাষ করি লস খাওচি। এইবার ভালোয় লাভ হওচে। এইবারনি এক মণ ধান বেচা হওচে ৫৩০ টাকায়। অ্যাংকা দাম থাকলেই হয়। এর বেশি দরকার নাই। গত চাইর বছর সেই ধান বেচাচি মণ পোরতি ২৫০ থাকি ৩২০ টাকায়।’
বদরগঞ্জের মৌয়াগাছ গ্রামের কৃষক বিরেন্দ্র নাথ রায় বলেন, এবার ৩৩ শতক জমিতে আমন ধান চাষ করতে তাঁর খরচ হয়েছে মোট পাঁচ হাজার ২০০ টাকা। ধান পেয়েছেন ২২ মণ। তিনি প্রতি মণ ধান ৫৩০ টাকা করে বিক্রি করে মোট ১১ হাজার ৬৬০ টাকা পেয়েছেন। আর ধানের খড় বিক্রি করে পেয়েছেন এক হাজার টাকা। খরচ বাদে তাঁর লাভ হয়েছে সাত হাজার ৪৬০ টাকা। তিনি বলেন, ‘চাইর বছর পর কেষক এবার ধান আবাদ করি লাভ পায়া হাসোচে। এই দামটা থাকলে কেষক ভালো থাকপে।’
বদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল হক বলেন, এবার এলাকায় বন্যা হয়নি। সঠিক সময়ে প্রয়োজনীয় বৃষ্টিপাত হওয়ায় আমনের বাম্পার ফলন হয়েছে। ধানের দামও ভালো।
তারাগঞ্জের উপজেলা কৃষি কর্মকর্তা সমীর চন্দ্র ঘোষ বলেন, এবার ফলন ভালো হওয়ায় এবং দামও বেশি পাওয়ায় তাঁদের মুখে হাসি ফুটেছে।