ধান চাষে জনপ্রিয় হচ্ছে ড্রাম সিডার

ড্রাম সিডার পদ্ধতিতে ধান চাষ করতে শুরু করেছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কৃষকেরা। এই পদ্ধতিতে বীজতলা তৈরি না করে সরাসরি খেতে ধান বপনের মাধ্যমে চাষাবাদ হয়ে থাকে। সময়, খরচ ও শ্রম কম দিয়ে সনাতন পদ্ধতির চেয়ে বেশি ফসল পাওয়ায় পাকুন্দিয়ার কৃষকদের মধ্যে ড্রাম সিডার পদ্ধতিতে ধান চাষ ব্যাপক সাড়া ফেলেছে।
স্থানীয় কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, দুপাশে প্লাস্টিকের দুটি চাকার ভেতর একটি লোহার দণ্ডের মধ্যে সারিবদ্ধভাবে নির্দিষ্ট দূরত্বে ছোট আকৃতির ছয়টি প্লাস্টিকের ড্রাম থাকে। প্রতিটি ড্রামে থাকে কয়েকটি করে ছিদ্র। প্লাস্টিকের চাকার সঙ্গে লাগানো থাকে একটি হাতল, যেটি ধরে একজন কৃষক সহজেই যন্ত্রটি টানতে পারেন। ৩ থেকে ৪ হাজার টাকা হলেই যন্ত্রটি বানানো যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, ড্রাম সিডারের মাধ্যমে একজন কৃষক এক দিনে দুই একর জমিতে ধান চাষ করতে পারেন। কিন্তু সনাতন পদ্ধতিতে এই ধানের চারা রোপণ করতে অন্তত ২০ জন শ্রমিক লাগত। তাই ধান চাষে ড্রাম সিডার ব্যবহার লাভজনক দেখে দিনে দিনে কৃষকেরা এর প্রতি ঝুঁকছেন।
পাকুন্দিয়ার এগারসিন্ধুর ইউনিয়নের আঙ্গিয়াদী ব্লকের খামা গ্রামের চারজন কৃষক আকাশ মিয়া, নূরুল ইসলাম, সেকান্দার আলী ও আবদুল মোতালিব। তাঁরা প্রতে৵কে দুই একর করে জমিতে এই পদ্ধতিতে ধান চাষ করেছেন। তাঁদের দেখে এখন উপজেলার অনেক কৃষকই এই প্রযুক্তি ব্যবহারে আগ্রহী হয়ে উঠেছেন।
ওই চার কৃষক জানান, ড্রাম সিডার দিয়ে ধান চাষ করায় তাঁদের উৎপাদন খরচ ২০ থেকে ২৫ শতাংশ কমে এসেছে। তাঁরা জানান, সনাতন পদ্ধতিতে এক একর জমিতে ২০ কেজি বীজ লাগে। বীজ বপনের ৩০ থেকে ৩৫ দিন পরে বীজতলা থেকে চারা তুলে খেতে লাগাতে হতো। এ কাজে ১০ থেকে ১২ জন শ্রমিক লাগত।
অথচ ড্রাম সিডারের মাধ্যমে এক একর জমিতে সরাসরি ধান বপন করতে একজন শ্রমিকই যথেষ্ট। যেখানে সনাতন পদ্ধতিতে বীজ লাগত ২০ কেজি, সেখানে ড্রাম সিডার পদ্ধতিতে বীজ লাগবে ১০ কেজি। জমি ও পরিবেশভেদে আউশ, আমন ও বোরো তিন মৌসুমেই এই প্রযুক্তিতে চাষ করা যায়। তবে আউশ ও বোরো ধান চাষের জন্য এটি বেশি উপযোগী। সনাতন পদ্ধতিতে ধান রোপণের জন্য জমি যেভাবে তৈরি করতে হয়, সেভাবেই জমি তৈরি করে ড্রাম সিডার দিয়ে ধান রোপণ করতে হয়। তবে জমিতে যেন পানি জমে না থাকে, সেটি খেয়াল রাখতে হবে। বপনের প্রথম পাঁচ-ছয় দিন সেচের প্রয়োজন হয় না। ধানগাছ একটু বড় হলে রোপা পদ্ধতির মতোই সেচ দিতে হয়। ড্রাম সিডারে সারি ধরে গাছ হওয়ায় আগাছা দমন সহজ হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গৌর গোবিন্দ দাস বলেন, চলতি মৌসুমে উপজেলায় ৮ হাজার ৯০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অনেক কৃষক ড্রাম সিডারের মাধ্যমে ধান চাষ করছেন। তিনি আরও বলেন, এই পদ্ধতিতে ধান চাষ করে কৃষকেরা লাভবান হওয়ায় আগামী কয়েক বছরের মধ্যে পুরো উপজেলাতেই ড্রাম সিডারে ধান চাষ হবে বলে আশা প্রকাশ করেন কৃষি কর্মকর্তা।
এদিকে সম্প্রতি উপজেলায় ড্রাম সিডারের সাহায্যে সরাসরি ধানের চারা রোপণের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আঙ্গিয়াদী ব্লকের খামা গ্রামে এই প্রদর্শনী হয়। এ উপলক্ষে একটি কৃষক সমাবেশ হয়। জেলা খামারবাড়ির উপপরিচালক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব এস এম নাজমুল ইসলাম। তিনি বলেন, ড্রাম সিডার পদ্ধতিতে ধান চাষ করা হলে ফলন রোপা ধানের তুলনায় ১০ থেক ২০ শতাংশ পর্যন্ত বেশি হয়ে থাকে। তা ছাড়া রোপা পদ্ধতির চেয়ে ১০-১৫ দিন আগেই ধান পাকে। আর যন্ত্রটি হালকা হওয়ায় সহজে বহন করা যায়।