ধান চুরির অভিযোগে বিষ প্রয়োগে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোর উপজেলায় তপন বর্মণ নামের এক কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, ধান চুরির অভিযোগ তুলে তপনের মুখে বিষ ঢেলে দিয়ে তাকে হত্যা করা হয়েছে।তানোর থানা সূত্রে জানা যায়, উপজেলার খাগড়াকান্দর গ্রামের বাদলের ছেলে জাকার গত সোমবার বাড়ি থেকে ১৫ কেজি ধান চুরি করে তপনের মাধ্যমে বিক্রি করে। পরের দিন সকালে জাকারের চাচা এমদাদুল হক তপনের বাবার কাছে এই অভিযোগ করেন। তপনের বাবা বিষয়টি সুরাহা করার আশ্বাস দেন। ওই দিন দুপুরে তপন মণ্ডুমালা বাজারে তার ভাই স্বপন বর্মণের কাছে খাবার নিয়ে যায়। স্বপন রাত নয়টার দিকে বাজার থেকে ফেরার সময় ত্রিমোহিনীতে রাস্তার পাশে তপনকে পড়ে থাকতে দেখেন। স্বপনের বরাত দিয়ে পুলিশ জানায়, তপন তখনো জীবিত ছিল। সে তাঁকে জানিয়েছে, এমদাদুলসহ দুজন লোক জোর করে তার মুখে বিষ ঢেলে দিয়েছে। স্বপন তাকে প্রথমে মুণ্ডুমালা বাজার ও পরে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক তপনকে মৃত ঘোষণা করেন। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক সরকার জানান, এ ঘটনায় এমদাদুল হক ও অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। এমদাদুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য তপনের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।