ধান ছিটকে চোখে, নেই সচেতনতা

চলনবিলে চলতি ইরি-বোরো ধান কাটা মৌসুমে ধান ছিটকে দুই শতাধিক শ্রমিকের চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের মধ্যে অন্তত পাঁচজনের চোখ অন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তাঁদের সিরাজগঞ্জ সদর চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোরের গুরুদাসপুর চক্ষু হাসপাতাল এ তথ্য নিশ্চিত করেছে।
চক্ষু হাসপাতাল ও ভুক্তভোগী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মধ্য এপ্রিল থেকে মে মাস পর্যন্ত চলনবিলে ইরি-বোরো ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলে। শ্রমিকেরা সচেতনতার অভাবে ও অবহেলা করে চোখে চশমা না পরে বা কোনো ধরনের প্রতিরোধ ব্যবস্থা না নিয়েই ধান-কাটা ও মাড়াইয়ে কাজে ব্যস্ত হয়ে পড়েন। গৃহস্থ কৃষকেরাও এসব শ্রমিকের চোখ রক্ষায় কোনো পদক্ষেপ নেন না। ফলে শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হন।
হাসপাতালে রোগীদের নিবন্ধন খাতা পর্যবেক্ষণ করে দেখা গেছে, চিকিৎসা নিতে আসা রোগীরা চলনবিলের নাটোর জেলার গুরুদাসপুর, সিংড়া ও বড়াইগ্রাম, পাবনার চাটমোহর উপজেলা এলাকার ধানকাটা-মাড়াই শ্রমিকেরাই এ ধরনের চোখের সমস্যায় বেশি আক্রান্ত হয়েছেন। সম্প্রতি এ সব এলাকায় ইরি–বোরো ধান কাটা ও মাড়ায়ের কাজ হয়।
ভুক্তভোগী তিন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা ধান কাটার কাজ করেন। দিন আনেন দিন খান অবস্থা। কাজ করার সময় চোখে ধান ছিটকে লাগতে পারে, এ বিষয়টি তাঁদের মাথায় থাকে না। কিন্তু কাজের ফাঁকে যখন ধান চোখে লাগে, তখন অসহ্য যন্ত্রণা হয়। তবু জীবিকার তাগিদে দিনের পর দিন এ কাজই তাঁদের করতে হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন ধান ছিটকে চোখ ক্ষতিগ্রস্ত হওয়া অন্তত ৮ থেকে ১০ জন রোগী হাসপাতালে আসছেন। গত বৃহস্পতিবার পর্যন্ত ২০৮ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনের চোখের অবস্থা খারাপ হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।
গুরুদাসপুর চক্ষু হাসপাতালের চিকিৎসক ইনচার্জ আশরাফুল ইসলাম গত বৃহস্পতিবার বলেন, চোখের নিরাপত্তা নিশ্চিত না করেই শ্রমিকেরা ধানকাটা-মাড়াইয়ে ব্যস্ত হয়ে পড়েন। ফলে ধান ছিটকে কর্নিয়ায় পড়ে তাঁদের চোখ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তখন চোখে জ্বালাপোড়া শুরু হয়। যাঁরা সঙ্গে সঙ্গে চক্ষু হাসপাতালে চিকিৎসা নিতে আসেন, তাঁরা হয়তো সুফল পান। অনেকে আবার হাসপাতালে না এসে স্থানীয়ভাবে আঘাত লাগা চোখে ঝাড়ফুঁকসহ নানা রকম ভেষজ ওষুধ দিয়ে পার পাওয়ার চেষ্টা করেন। তাঁরাই পড়েন বিপাকে। তিনি বলেন, তাই ধান ছিটকে চোখে আঘাত পাওয়ামাত্রই হাসপাতালে আসা উচিত। গুরুদাসপুর চক্ষু হাসপাতালে নামমাত্র টাকায় এ ধরনের রোগীদের চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয় বলে জানান এই চিকিৎসক।
চিকিৎসক আশরাফুল আরও বলেন, ঝাড়ফুঁক বা ভেষজ চিকিৎসায় সময়ক্ষেপণ হওয়ায় চোখের কর্নিয়ায় ফাঙাল আলসার হয়। তাৎক্ষণিক চিকিৎসায় কিছু উপশম হলেও কর্নিয়ার ওপর ক্ষতের দাগ থেকেই (কর্নিয়ালঅপাসিট) যায়। যাঁরা চিকিৎসার পরিবর্তে চোখে ঝাড়ফুঁক, গাছগাছড়ার রস দিয়ে বিলম্বিত চিকিৎসা করেন, দেখা যায় এসব মানুষ সারা জীবনের জন্য চোখে ঝাপসা দেখতে শুরু করেন অথবা অন্ধত্ব বরণ করেন। এ বছর এমন রোগী পাওয়া গেছে অন্তত পাঁচজন। ওই চিকিৎসকের মতে, একটু সচেতন হলেই এ অবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তা ছাড়া ধান কাটা-মাড়াইয়ের সময় চোখে চশমা বা পলিথিন মুড়িয়ে চোখ রক্ষা করতে হবে। এ ক্ষেত্রে গৃহস্থ কৃষকসহ সরকারিভাবেও পৃষ্ঠপোষকতা থাকা উচিত বলে এই চিকিৎসক মত প্রকাশ করেন।