ধান ঢেলে কৃষকদের বিক্ষোভ সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার দাবিতে গতকাল রোববার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে ধান ঢেলে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। কৃষকেরা গতকাল বেলা তিনটার দিকে পলাশবাড়ী সরকারি খাদ্যগুদামের সামনে কয়েক বস্তা ধান ঢেলে বিক্ষোভ সমাবেশ করেন। এতে ওই সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
পলাশবাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৯টি ইউনিয়নে ১ হাজার ৯১২ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা ধরা হয়। গতকাল পর্যন্ত ৫৭৯ মেট্রিক টন ধান কেনা হয়।
কয়েকজন কৃষক বলেন, বর্তমানে বাজারে প্রতি মণ ধান ৬০০ থেকে ৬৫০ টাকায় বেচা-কেনা হচ্ছে। সার, তেল ও কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় এই দামে ধান বিক্রি করে উৎপাদন খরচ উঠছে না। কিন্তু সরকারি গুদামে কয়েক দিন ধরে ধান কেনা হচ্ছে না। তাই সড়কে ধান ঢেলে দেওয়া হয়।