ধান দিয়ে খেয়া পারাপার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার পীরগঞ্জে ফকিন্নি নদীতে সেতু না থাকায় কাচারীকোয়ালীপাড়া ও বাসুপাড়া ইউনিয়নের ১৭টি গ্রামের মানুষ অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। এর ওপর খেয়া পারাপারের জন্য তাদের ধান দিতে হচ্ছে। এ ক্ষেত্রেও তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
গ্রামবাসী বলেন, সেতু না থাকায় বাসুপাড়া ও কাচারীকোয়ালীপাড়া ইউনিয়নের লোকজন পীরগঞ্জের ঘাট দিয়ে নদী পার হয়। পারাপারের জন্য এখানে বর্ষাকালে নৌকা ও অন্য মৌসুমে পানি কমে গেলে বাঁশের সেতু ব্যবহার করা হয়। প্রতিদিন বীরকয়া, পীরগঞ্জ, মন্দিয়াল, জ্যোতিগঞ্জ, খয়রা, হলুদঘরসহ ১৭টি গ্রামের চার থেকে পাঁচ হাজার লোক এ নদী পার হয়। এ ছাড়া আশপাশের লোকজনকেও এ ঘাট দিয়ে পারাপার হতে হয়। নদীর দুই পাশে বীরকয়া ও পীরগঞ্জে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান আছে। শিক্ষার্থীদের যাতায়াত করতে হয় এ ঘাট দিয়ে। অনেক সময় নৌকাডুবির ঘটনাও ঘটে।
পীরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল আজিজ বলেন, ঘাট পার হতে গিয়ে মাঝেমধ্যে শিক্ষার্থীরা নৌকাডুবির শিকার হয়। অনেক সময় তারা ঠিক সময়ে শ্রেণিকক্ষে পৌঁছানো সম্ভব হয় না।
মকলেছুর রহমান, লুৎফর রহমান ও মোজাম্মেল জানান, সেতু নির্মাণের দাবি জানিয়ে এলেও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।
উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন জানান, সেতু নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, ঘাটটি তাঁরা প্রতিবছর ইজারা দিয়ে থাকেন। এ বছর ৪২ হাজার টাকায় স্থানীয় ব্যবসায়ী মোবের আলীকে ইজারা দেওয়া হয়েছে। তাঁরা নৌকার মাধ্যমে যাত্রীদের পারাপার করেন। এ জন্য তাঁদের কাছ থেকে টাকা নেওয়ার নিয়ম থাকলেও তা না মেনে ইজারাদার ধান নিচ্ছেন। মন্দিয়াল গ্রামের কৃষক জেকের আলী বলেন, তাঁকে এক মণ ধান দিতে হয়। যে পরিমাণ পারাপার তিনি করেন, তাতে বছরে দুই থেকে তিন শ টাকাই যথেষ্ট।
ইজারাদারের ভাষ্যমতে, সারা বছর যাত্রীদের বাকিতে পার করে বোরো মৌসুমে ২০ কেজি থেকে শুরু করে ৮০ কেজি পর্যন্ত ধান নেওয়া হয়। তবে এ গ্রামগুলো বাদে অন্য এলাকার লোকজনের কাছ থেকে টাকা নেওয়া হয়।
ইউএনও তরিকুল ইসলাম জানান, সরকারি নিয়ম হলো টাকা দিয়ে পারাপারের। এ জন্য মাশুল নির্ধারণ করা রয়েছে।