মুসলিমদের ঈদুল আজহা ও হিন্দুদের দুর্গোৎসবের মধ্যে প্রথমটি আসন্ন, পরেরটি শুরু হয়ে গেছে। কিন্তু দেশের দুই প্রধান ধর্মাবলম্বীদের এই দুই প্রধান ধর্মীয় উৎসবকে ঘিরে এবার রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় তেমন কোনো আমেজ নেই।
কৃষিনির্ভর এ অঞ্চলে সাধারণ মানুষসহ কৃষকের হাতে টাকা না থাকায় তারই প্রভাব পড়েছে ঈদ ও দুর্গোৎসবে। এবার এলাকায় গতবারের চেয়ে ১৭টি পূজামণ্ডপ কম তৈরি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, কৃষকেরা হাতের সব টাকা আমন চাষে ঢেলেছেন। ধান উঠতে এখনো অনেক দেরি। তাই কৃষকের হাত খালি। বর্তমান বাজারে প্রতি মণ (২৮ কেজি) ধান ৫১০ থেকে ৫৩০ টাকা দরে বিক্রি হলেও কৃষকের ঘরে ধান নেই।
এখানকার কৃষকেরা আলু চাষ করে তা হিমাগারে রেখে সুসময়ের অপেক্ষায় আছেন। এখন বাজারে প্রতি বস্তা (৮৫ কেজি) আলু বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকায়। এর উৎপাদন এবং হিমাগার ভাড়াসহ অন্যান্য আনুষঙ্গিক ব্যয় মিলিয়ে খরচ পড়েছে বস্তাপ্রতি প্রায় এক হাজার টাকা। তাই এখন হিমাগার থেকে আলু বের করছে না কৃষক। অপরদিকে এবার পাটের যে দাম পেয়েছে চাষি, তাতে উৎপাদন খরচও ওঠেনি।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, টানা চার বছর ধরে উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক। এখন তাঁরা ব্যস্ত আমন নিয়ে। এ ধান চাষে বিনিয়োগ করে কৃষকের হাত এখন শূন্য। এরই প্রভাব পড়েছে ঈদ আর পূজায়। ব্যবসায়ীরা হাত-পা গুটিয়ে বসে আছেন। দোকানে বিক্রি নেই।
বদরগঞ্জের আমরুলবাড়ী গ্রামের কৃষক তৈয়ব আলী বলেন, ‘দুই বছর থাকি আলু, পাট, ভুট্টা ও ধান আবাদ করি লস খাওচি। দ্যান-ধাক্কা (ধারদেনা) করি আমন ধান গাড়চি। কী যে হইবে চিন্তায় বাঁচি না। হাতোত টাকা নাই। এবার হামার ঈদ হবার নয়।’
তারাগঞ্জের কৃষক ধিরেন্দ্র নাথ রায় প্রথম আলোকে বলেন, ‘৮০ বস্তা আলু হিমাগারোত থুইয়া ভয়োত পালে (পালিয়ে) আছি। এদিক আলু বাইর কইরবার জন্যে হিমাগার থাকি বাড়িত লোক আইসে। কিন্তুক বাজারোত আলুর দাম নাই। বাইর করলেই ডবল লস। ভাবছেনো আলু বেচেয়া পূজা করমো। তা হবার নয়।’
বদরগঞ্জের গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কৃষক মিজানুর রহমান বলেন, ‘গত চার মৌসুম ফসল চাষ করে উৎপাদন খরচও ওঠাতে পারেনি কৃষক। এতে তাঁদের মেরুদণ্ড অনেকটা ভেঙে গেছে। সংসার চালানোই কষ্ট এখন। তাই ঈদ-পূজা নিয়ে তাঁদের কোনো মাতামাতি নেই।’
তারাগঞ্জের পশুরহাটের টোল আদায়কারী আনোয়ার হোসেন বলেন, ‘১০ বছর ধরে পশুরহাটের টোল আদায় করি। এবারের মতো গরুর কম দাম আর দেখি নাই। তার পরও এবার কেনার মানুষ নাই।’
বদরগঞ্জের তৈরি পোশাক বিক্রেতা সোহেল রানা বলেন, ‘কাপড় ব্যবসায়ীদের বছর চলে দুইটা ঈদ আর এই পূজা দিয়ে। এবার ঈদ-পূজায়ও কোনো বিক্রি নেই।’
বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, এবারের কোরবানির ঈদ এবং দুর্গাৎসব এমন সময়ে এসেছে যখন কৃষক কিংবা সাধারণ মানুষ কারও হাতেই টাকা নেই। এরই প্রভাব পড়েছে উৎসব দুটিতে। গত বছরের তুলনায় বদরগঞ্জে এবার ১১ এবং তারাগঞ্জে ছয়টি দুর্গা পূজামণ্ডপ কম তৈরি হয়েছে।ৎ