ধান বিক্রি করে খরচই ওঠে না
বগুড়ার শিবগঞ্জ উপজেলার প্রতি বিঘায় ব্রাউশ (বর্ষালী) জাতের ধান চাষে খরচ হয়েছে আট হাজার ৩০০ টাকা। দাম না থাকায় ধান বিক্রি করে খরচই উঠছে না। এ পরিস্থিতিতে ঈদ ও পূজার আগে চাষিদের মাথায় হাত পড়েছে। চাষিদের কাছে ঈদ ও পূজায় ছেলেমেয়েদের জন্য কেনাকাটায় ভরসা ছিল ধান। আশা ছিল ভালো দাম মিলবে। চুটিয়ে কেনাকাটা করবেন। কিন্তু ধান বিক্রি করে ধারে নেওয়া টাকা শোধ করতে পারবেন কি না, তা নিয়েই উৎকণ্ঠায় পড়েছেন তাঁরা। চাষিদের এমন অবস্থায় ব্যবসায়ীদের মধ্যেও দুশ্চিন্তা দেখা দিয়েছে। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ৫৫০ হেক্টরে ব্রাউশ ধানের চাষ হয়েছে। এই ধান চাষ করে শীতকালীন সবজির আবাদ ধরা যায় বলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। টেপাগাড়ী গ্রামের কৃষক শাজাহান আলী (৪৮) এক বিঘা জমিতে ব্রাউশ ধানের চাষ করেছিলেন। জানালেন, তাঁর আট হাজার ৩০০ টাকা খরচ হয়েছে। ধান পেয়েছেন ১৪ মণ। প্রতি মণ ৪১০ টাকা দরে বিক্রি করে পেয়েছেন পাঁচ হাজার ৭৪০ টাকা। এখন তিনি কোরবানির পশু কিনবেন কী করে, আর এই জমিতে সবজি আবাদই বা করবেন কেমনে। উপজেলার টেপাগাড়ী গ্রামের চাষি মশিউর রহমান (৪৫) বলেন, ‘দুই বিঘা জমিতে ১৭ হাজার টাকা খরচ করে ধান চাষ করে ১১ হাজার ৪০০ টাকা পেয়েছি। পথে বসতে হবে। গত ঈদ ভালো কাটেনি। এ ঈদও তেমনি যাবে। ধার করে তো আর কোরবানির পশু কেনা যায় না। তাই শেষ পর্যন্ত কোরবানি দিতে পারব কি না বুঝতে পারছি না।’