ধান বেচে খরচই ওঠে না
বগুড়ার শিবগঞ্জে আমন ধানের বাম্পার ফলন হলেও দাম কম হওয়ায় চাষিরা বিপাকে পড়েছেন। এক মণ ধান চাষ করতে কৃষকদের প্রায় ৮০০ টাকা খরচ হলেও বাজারে তা ৫১০ থেকে ৬১০ টাকা দরে বিক্রি হচ্ছে।
উপজেলার সৈয়দ দামগাড়া গ্রামে গতকাল মঙ্গলবার গিয়ে দেখা যায়, এবার ধানের বাম্পার ফলন হয়েছে। কিছু ধান যাচ্ছে বাজারে, কিছু উঠছে গোলায়। কিন্তু ফসলের ন্যায্য মূল্য না পেয়ে হতাশ কৃষক। ঠেকায় পড়ে ধান বেচতে গিয়ে যে দাম মিলছে, তাতে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই উঠছে না।
উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল বলেন, এবার এ উপজেলায় ১৯ হাজার ৯০০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে।
সৈয়দ দামগাড়া গ্রামের কৃষক আজমল হোসেন (৫০) বলেন, এবার তিনি তিন বিঘা জমিতে আমন ধানের আবাদ করেন। ধান কাটা শেষে এখন মাড়াইয়ের কাজ করছেন। ধান পেতে পারেন বিঘাপ্রতি প্রায় ১৫ মণ করে। এক বিঘা জমিতে ধান চাষ করতে গিয়ে তাঁর ৭ হাজার ৪০০ টাকা খরচ হয়েছে। বর্তমানে বাজারে এক মণ ধানের দাম ৫২০ টাকা করে ধরলে তিনি বিঘাপ্রতি ৭ হাজার ৮০০ টাকা পাবেন। তিনি বলেন, ‘নিজের কষ্টের দাম ধরলে এই চাষে কী লাভ?’
উপজেলার সাত-আটজন কৃষক বলেন, ধানের দাম কম হওয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা মহাজন ও পাওনাদারদের টাকা পরিশোধের ব্যাপারে দুশ্চিন্তায় পড়েছেন। তাঁরা বলছেন, ধানের দাম ন্যূনতম ৮০০ টাকা না পেলে তাঁদের পোষাবে না।
কৃষকেরা বলেন, এখন তাঁদের একমাত্র আশা সরকার ধান-চাল সংগ্রহ অভিযান চালাবে। কিন্তু সরকার এখনো তা শুরু করেনি। এই সুযোগে ফড়িয়ারা কম দামে ধান কিনে নিতে দলে দলে গ্রামের পর গ্রাম চষে বেড়াচ্ছে।
উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, কৃষকদের কাছ থেকে তিনি বিষয়টি শুনেছেন। কিন্তু বাজারদর নির্ধারণের বিষয়ে তাঁদের কিছু করার নেই।