ধান যায়, চাল আসে, লোকসান কৃষকের

দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা পটুয়াখালী আমন ধান উৎপাদনে দেশে দ্বিতীয়। তবে এখান থেকে সরকারের খাদ্য বিভাগ পর্যাপ্ত চাল কিনছে না বলে অভিযোগ করেছেন চালকল মালিক ও কৃষকেরা। এতে তাঁরা ধান ও চালের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
চালকল মালিক ও কৃষকেরা বলেন, ফসল কাটার পর এখানকার ধান চলে যাচ্ছে উত্তরাঞ্চলে। আবার এখানকার খাদ্যের চাহিদা মেটাতে সেই উত্তরাঞ্চল থেকেই চাল কিনে আনা হচ্ছে। উত্তরাঞ্চল থেকে চাল না এনে এখানকার চাল কিনলে সরকারের একদিকে যেমন পরিবহন ব্যয় কমবে, অপরদিকে এখানকার কৃষকেরাও ন্যায্য দাম পাবেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, পটুয়াখালীতে আবাদি কৃষিজমির পরিমাণ ২ লাখ ১৩ হাজার ৬০০ হেক্টর। এ বছর ২ লাখ ১০ হাজার ৩৪০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। এতে প্রায় ৯ লাখ মেট্রিক টন ধান উৎপাদন হবে। এতে চাল হবে ৫ লাখ ৯১ হাজার ৪৮৭ মেট্রিক টন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় জানায়, বিভিন্ন প্রতিষ্ঠান, ভিজিডি, ভিজিএফ, ওএমএসসহ সরকারের বিশেষ প্রকল্পে জেলায় ১৫ হাজার ২০০ মেট্রিক টন চালের চাহিদা। এ ছাড়া বর্তমানে খাদ্যবান্ধব কর্মসূচির ৫ মাসের জন্য চালের চাহিদা রয়েছে আরও ১৭ হাজার ৭১২ দশমিক ৬০০ মেট্রিক টন।
সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক বলেন, চলতি আমন মৌসুমে কৃষকের কাছ থেকে প্রাথমিকভাবে ৫৭২ মেট্রিক টন চাল কেনার নির্দেশনা পাওয়া যায়। গত ১১ ডিসেম্বর প্রথম আলোয় ‘ধানের দাম কম, কৃষকেরা বিপদে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও চাল কেনার নির্দেশনা দেন। এতে এ জেলার চালকল মালিকদের সঙ্গে আরও ৬ হাজার ৭৪০ মেট্রিক টন চাল সরবরাহের চুক্তি করা হয়। এ জেলা থেকে ৭ হাজার ৩১২ মেট্রিক টন চাল কেনা হবে। বাকি ২৫ হাজার ৬০০ দশমিক ৬ মেট্রিক টন চাল উত্তরাঞ্চলের সরকারি খাদ্যগুদাম থেকে কেনা হবে। এতে কৃষকেরা খুশি।
নাম প্রকাশ না করার শর্তে খাদ্য বিভাগের একজন কর্মকর্তা বলেন, পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের জন্য উত্তরাঞ্চলের বিভিন্ন গুদাম থেকে চাল আনতে প্রতি টন চালে কমপক্ষে ৩ হাজার টাকা সরকারের বেশি ব্যয় হচ্ছে। ফলে সরকারি চাহিদার ২৫ হাজার ৬০০ দশমিক ৬ মেট্রিক টন চাল আনতে পরিবহন ব্যয় হবে ৭ কোটি ৬৮ লাখ ১ হাজার ৮০০ টাকা।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, জেলায় ৪টি অটো চালকল ও ১৩টি হাসকিং মিল রয়েছে। এগুলোর ১৫ দিনে ৩ হাজার ৩৪১ দশমিক ৭৬০ মেট্রিক টন চাল উৎপাদনের সক্ষমতা রয়েছে।
গলাচিপার শাহজালাল অটো রাইস মিলের মালিক সাহেব আলী বলেন, এ অঞ্চল থেকে প্রয়োজনীয় চাল সংগ্রহ না করায় মৌসুমের শুরু থেকেই উত্তরাঞ্চল থেকে ফড়িয়ারা এখানে এসে সিন্ডিকেট করে কম দামে ধান কিনে নিয়ে যাচ্ছেন। এতে এ অঞ্চলের শুধু কৃষকেরাই নন, কল মালিকেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
কলাপাড়া উপজেলার মমতা অটো রাইস মিলের মালিক মো. রুহুল আমিন বলেন, সরকারিভাবে এ এলাকা থেকে চাল সংগ্রহ করা হলে একদিকে যেমন জেলার অটো রাইস মিলগুলো পুরো মৌসুমজুড়ে সচল থাকবে, তেমনি নতুন অটো রাইস মিল স্থাপন হবে। এতে কর্মসংস্থানও হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পটুয়াখালীর উপপরিচালক মো. নজরুল ইসলাম মাতুব্বর বলেন, আমন ধান উৎপাদনে দেশে পটুয়াখালী দ্বিতীয়। তবে এ জেলার চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় চালের জোগান দিতে হলে দক্ষিণাঞ্চলে আরও অটো রাইস মিল স্থাপন করতে হবে। এগিয়ে আসতে হবে ব্যবসায়ীদের। তাহলে দক্ষিণাঞ্চলের ধান উত্তরাঞ্চল পাঠাতে হবে না। আবার উত্তরাঞ্চল থেকে চাল আনার প্রয়োজন পড়বে না।