নওগাঁয় সরকারিভাবে চলছে ধান-চাল সংগ্রহ অভিযান। কিন্তু সদর উপজেলায় খাদ্য বিভাগ ধান-চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ধরেছে, তার এক-তৃতীয়াংশ রাখার জায়গাও নেই সরকারি গুদামে।
গুদামে জায়গাসংকট থাকায় নওগাঁ সদরে এখনো ধান সংগ্রহ শুরু করা যায়নি। চাল সংগ্রহ শুরু হলেও গুদামে চাল দিতে এসে চুক্তিবদ্ধ চালকল মালিকদের তিন থেকে চার দিন অপেক্ষা করতে হচ্ছে। ভোগান্তির পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি টাকাও।
এলএসডি গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অরুণ কুমার প্রামাণিক বলেন, গুদামে জায়গাসংকট। এখান থেকে সান্তাহার কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে চাল নিতে হচ্ছে। তারপর জায়গা খালি হলে চাল গুদামে নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত সাড়ে ১১ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে বলে তিনি জানান।
জেলা খাদ্য বিভাগ সূত্র জানায়, বোরো মৌসুমে নওগাঁর কৃষকের কাছ থেকে ৫ হাজার ৫২৮ মেট্রিক টন ধান এবং চালকল মালিকদের কাছ থেকে ৬৩ হাজার ৯৪৯ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। এর মধ্যে সদর উপজেলায় ২৩ হাজার ৬৫৫ মেট্রিক টন চাল এবং ৩৭৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, খাদ্যগুদামের সংরক্ষিত এলাকায় ১০ থেকে ১২টি চালবোঝাই ট্রাক দাঁড়িয়ে আছে। এ ছাড়া গুদাম এলাকার বাইরেও শহরের মূল রাস্তা মুক্তির মোড় থেকে কাজীর মোড় পর্যন্ত ২০ থেকে ২৫টি চালবোঝাই ট্রাক রাস্তার দুই ধারে অপেক্ষা করছে। এর ফলে ব্যস্ততম এই সড়কে দেখা দিয়েছে যানজট।
গুদামে চাল দিতে আসা ট্রাকচালক সাইফুল ইসলাম বলেন, ‘গত বৃহস্পতিবার এখানে মালিকের চাল নিয়ে এসেছি। এখনো গুদামে চাল ঢোকাতে পারিনি। চাল না দিতে পারায় কোথাও যেতে পারছি না।’
ভুক্তভোগী তিন-চারজন চালকল মালিক বলছেন, তাঁদের ধান-চালবোঝাই একেকটি ট্রাক বুঝিয়ে দিতে অপেক্ষা করতে হচ্ছে তিন থেকে চার দিন। এ জন্য গাড়িপ্রতি তাঁদের প্রতিদিন বাড়তি খরচ গুনতে হচ্ছে এক থেকে দেড় হাজার টাকা। তাঁরা উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন খাদ্যগুদাম নির্মাণের দাবি জানান।
সুফিয়া অটোমেটিক রাইস মিলের মালিক শফিকুল ইসলাম বলেন, নওগাঁর অন্য উপজেলায় এ সমস্যা নেই। অথচ সদর উপজেলাতেই উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন গুদাম না থাকায় চালকল মালিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। চালকল মালিকেরা অনেক দিন ধরেই খাদ্যগুদাম নির্মাণের দাবি জানিয়ে এলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এ বিষয়ে নওগাঁ জেলা চালকল মালিক সমিতির সভাপতি তৌফিকুল ইসলাম বলেন, ‘শুরু থেকেই এ সমস্যা চলে আসছে। আমরাও সে জন্য প্রতিবারই উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন গুদাম করার দাবি জানিয়ে আসছি। সম্প্রতি খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক নওগাঁয় এসেছিলেন। আমরা তাঁর কাছেও নতুন আরেকটি গুদাম নির্মাণের আবেদন জানিয়েছি। তিনি আমাদের আশার বাণী শুনিয়েছেন।’
জেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন বলেন, ‘সদরে আরেকটি খাদ্যগুদাম করার জন্য আমরা একটি প্রকল্প পেয়েছি। কিন্তু এখনো জায়গা পাওয়া যায়নি।’ তবে সংগ্রহ অভিযান শতভাগ সফল করতে সবাইকে ধৈর্য ধরে সহযোগিতা করতে হবে বলে তিনি জানান।