ধানকাটায় শ্রমিক সংকটে একটি প্রস্তাব

আমাদের দেশে বোরো মৌসুমের ধান কাটার সময় চলে এসেছে। এ বছর ১.২ কোটি একর জমির ধান কাটা শুরু হবে কয়েকদিনের মধ্য। উৎপাদন লক্ষ্যমাত্রা ২ কোটিরও টনের বেশি । সরকারি মূল্য কেজি প্রতি ২৬ টাকা ধরলে ৫২ হাজার কোটি টাকার ধান আমরা পেতে যাচ্ছি।
কিন্তু বড় দুশ্চিন্তা ধানকাটার শ্রমিক সংকট। স্বয়ং কৃষিমন্ত্রী কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাককে এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করতে দেখেছি। অনেকেই ছাত্রদের ধানকাটায় এগিয়ে আসতে বলেছেন। কিন্তু প্রশংসনীয় হলেও এ ধরনের উদ্যোগে কাঙ্ক্ষিত সাফল্য আসে না। কারণ ১.২ কোটি একর জমির ধান কাটা তো সহজ কথা নয়। বিশেষ করে সমন্বয় করা খুব কঠিন হবে। আর সমন্বয়ের অভাবে সাফল্য প্রায়ই মুখ থুবড়ে পড়ে।
করোনাভাইরাসের কারণে লকডাউন ভেঙ্গে বিপুল সংখ্যক শ্রমিককে ধান কাটায় নিয়োজিত করাও ঝুঁকিপূর্ণ। এক্ষেত্রে পাওয়ার টিলারকে ধান কাটার যন্ত্রে রূপান্তরিত করার উদ্যোগ উত্তম বিকল্প হতে পারে।
বাংলাদেশ সব বড় কৃষকেরই পাওয়ার টিলার আছে। পরিসংখ্যান মতে, সারাদেশে ৫-৬ লাখ পাওয়ার টিলার আছে। পাওয়ার টিলারের সম্মুখভাগে পৃথকভাবে তৈরী রিপার অ্যাসেম্বল করে দিলেই কিন্তু ধান কাটার আধুনিক মেশিন হয়ে যাচ্ছে। খরচও খুব বেশি হবে না।
চুয়াডাঙার জনতা ইঞ্জিনিয়ারিং, নাটোরের নবতি ফাউন্ড্রিসহ বেশ কিছু প্রতিষ্ঠান পাওয়ার টিলারের সাথে সংযোজনযোগ্য এই রিপার তৈরি করছে। উৎপাদকেরা ৫০-৬০ হাজার টাকায় বাজারজাত করছে। সরকার উদ্যোগ নিয়ে ব্যাপকভাবে উৎপাদন করলে দাম ৩০-৩৫ হাজারে নেমে আসতে পারে।
চলতি মৌসুমে বোরো আবাদ হয়েছে প্রায় ১ কোটি ২০ লাখ একর জমিতে। এ মেশিনগুলোর এক একটির এক একর ধান কাটতে ১.৫-২ ঘণ্টা সময় লাগে। দুই ঘণ্টা করে ধরলেও দিনে (১২ ঘণ্টায়) মোট ছয় একর এবং ৪০ দিনে ২৫০ একর জমির ধান কাটতে পারবে। সারাদেশে ৫০ হাজার পাওয়ার টিলারকেও যদি টেম্পোরারি রিপারে পরিণত করা যায়, তাহলে ১-১.২৫ কোটি একর জমির ধান কাটা সম্ভব হবে। যাদের পাওয়ার টিলার আছে এবং যারা এ প্রযুক্তি গ্রহণ করবেন, তারা ভাড়ায় এলাকার কৃষকদের ধান কেটে দেবেন।
সরকার যেটা করতে পারে সেটা হলো ব্যাপকভাবে উৎপাদন করে কৃষকদের ভর্তুকিমূল্যে রিপারটি সরবরাহ করা৷ বাংলাদেশ কৃষি ব্যাংক এ জন্য ২-৩% সুদে পাওয়ার টিলার মালিকদের ঋণ দিয়েও উদ্বুদ্ধ করতে পারে।
প্রায় ৫২ হাজার কোটি টাকার ধান রক্ষা করার জন্য যদি সরকার ৫০ হাজার x ৪০-৫০ হাজার = ২০০-২৫০ কোটি টাকা ভর্তুকিও দেয়, তবুও সেটা খুব বাড়াবাড়ি হবে না। কারণ এটা এককালীন বিনিয়োগ। আমরা এক বিনিয়োগে আগামী কয়েক মৌসুমের বোরো, আউশ এবং আমন ধান কাটার সুফল পাব।