ধানখেত থেকে কুমিরছানা উদ্ধার
পূর্ব সুন্দরবনের ভোলা টহল ফাঁড়ি এলাকার নিকটবর্তী বাগেরহাটের শরণখোলা উপজেলার ঢালির ঘোপ গ্রামের ধানখেত থেকে গত শনিবার সকালে একটি কুমিরছানা উদ্ধার করা হয়েছে। লোনা পানির এই কুমিরছানার পেটের নিচে চওড়া পাঁচ ইঞ্চি এবং লেজসহ দৈর্ঘ্য ৪০ ইঞ্চি। শনিবার দুপুরে এটি করমজল কুমির প্রজননকেন্দ্রে হস্তান্তর করা হয়েছে।সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কাশ্যপী বিকাশ চন্দ্র জানান, পাচারকারী চক্র ভোলা ক্যাম্প এলাকার ইসমাইলের ছিলা (খাল) দিয়ে লোকালয়ে আসছে—এমন সংবাদের ভিত্তিতে ভোলা ও সন্ন্যাসী টহল ফাঁড়ির বনকর্মীরা গত শুক্রবার রাত থেকে ওই এলাকায় ওত পেতে থাকেন। কিন্তু পাচারকারী চক্রটির হদিস মেলেনি। পরে খবর পেয়ে বনকর্মীরা শনিবার সকালে একটি বাঁশের খাঁচায় রাখা ওই কুমিরছানা ধানখেত থেকে উদ্ধার করেন। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ ঘটনায় বন আদালতে বন আইনে একটি মামলা হয়েছে। মামলায় সন্দেহভাজন শিকারি চক্রের কয়েকজন সদস্যের নাম উল্লেখ করা হয়েছে।পূর্ব সুন্দরবনের করমজল কুমির প্রজননকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব জানান, বর্তমানে সুন্দরবনে লোনা পানির কুমিরের সংখ্যা ৩০০ থেকে ৪০০ হবে।গত বছরের ২৩ সেপ্টেম্বর পুলিশ ও বন বিভাগ শরণখোলার উত্তর কদমতলা গ্রামের একটি বাড়ি থেকে লোনা পানির ছোট কুমিরের চারটি চামড়া উদ্ধার করে। এগুলোর দৈর্ঘ্য ছিল দুই ফুট পাঁচ ইঞ্চি থেকে তিন ফুট আট ইঞ্চির মধ্যে। চামড়াগুলো পাচারের উদ্দেশ্যে জড়ো করা হয়েছিল। তখন সুনির্দিষ্টভাবে ছয়জন পাচারকারীর নাম উল্লেখ করে শরণখোলা থানায় মামলা করা হয়।