ধানখেত থেকে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নের চেংমারী এলাকায় ধানখেতের মাঝখান থেকে এক ব্যক্তি বালু উত্তোলন করায় আশপাশের আবাদি জমি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জানা গেছে, গঙ্গাচড়ার সদর ইউনিয়নের চেংমারী এলাকার নিলকচণ্ডী গ্রামের মেসের মিয়া (৬০) আবাদি জমির মাঝখানে নিজের জমিতে শ্যালো মেশিন বসিয়ে জুলাই মাস থেকে বালু উত্তোলন করছেন। গত রোববার সরেজমিনে দেখা গেছে, চেংমারী থেকে গঙ্গাচড়া যাওয়ার পাকা সড়কের পাশে আবাদি জমিতে পাইপ বসিয়ে এই বালু তুলে একটি খোলা স্থানে জমা করা হচ্ছে। সেখান থেকে ট্রাকে করে এই বালু বিক্রি করা হচ্ছে। এর ফলে আশপাশের আবাদি ধানখেত ভেঙে পড়ার উপক্রম হয়েছে।পূর্ব পাশের জমির মালিক বরকত আলী বলেন, ‘চারপাশে ধানখেত। মাঝখান থাকিয়া এমন করি বালু তোলার জন্যে হামার জমি আস্তে আস্তে ভাঙি যাইতোছে।’ উত্তর পাশের জমির মালিক জাহিদুল ইসলাম বলেন, ‘এভাবে বালু তোলায় ভবিষ্যতে হামার এই জমিত ধান আবাদ করা দুষ্কর হয়া পড়বে।’ পশ্চিম পাশের জমির মালিক জালাল উদ্দিন বলেন, ‘ইতিমধ্যে হামার আবাদি জমির মাটি ভাঙা শুরু হইছে। এইভাবে বালু না তোলার জন্য নিষেধ করা হইলেও ওমরা (বালু উত্তোলনকারী) হামার কথা শোনে নাই।’ দক্ষিণ পাশের জমির মালিক জয়নাল আবেদীনের এক একর আবাদি জমি ধসে পড়তে শুরু করেছে।বালু উত্তোলনকারী মেসের মিয়া বলেন, ‘হামার জমি থাকি হামরা বালু তুলমো, তাও ফির অনুমতি নেওয়া লাগবে, এমন কথা হামরা আগোত কখনো শুনি নাই।’গঙ্গাচড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।