ধানখেত থেকে মেয়েশিশুর লাশ উদ্ধার, আটক ২
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সীমা দাস (৯) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার নিলখী গ্রামের পাশে বোরো ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
সীমা নিলখী গ্রামের কাঠমিস্ত্রি তাপস দাসের মেয়ে এবং মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। ঘটনায় জড়িত সন্দেহে ফারুক মিয়া (১৮), অহিদ মিয়া (১৯) নামের দুজনকে আটক করা হয়। তাঁদের দুজনের বাড়ি সাহেবনগর গ্রামে।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, বোরো খেতের হাঁটু সমান পানিতে সীমার লাশ পাওয়া যায়। তিনি বলেন, সীমাকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে বলে তাঁরা ধারণা করছেন। তাঁকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে কি না, তা লাশের ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
ওসি বলেন, ধানখেতের পাশের একটি টং ঘর থেকে সন্দেহভাজন হিসেবে দুই যুবককে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।