ধানখেতে ইঁদুরের উপদ্রব, ঘুম নেই চাষিদের
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঠে মাঠে আমন ধানের শিষ বের হতে শুরু করেছে। কিন্তু এর মধ্যেই ধানখেতে ইঁদুরের উপদ্রব দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন অনেক চাষি।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ২০ হাজার ৮৮০ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। যেসব এলাকার জমি নিচু, সেখানে ইঁদুরের আক্রমণ বেশি হচ্ছে। ইদানীং বৃষ্টি হওয়ায় ইঁদুরের উপদ্রব তুলনামূলকভাবে বেড়ে গেছে।
উপজেলার কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, চাষিরা ইঁদুরের উপদ্রব থেকে ধান রক্ষা করতে খেতের মধ্যে বাঁশের কঞ্চি গেড়ে তাতে পলিথিন টাঙিয়ে দিয়েছেন। অনেকে আবার খেতের চারপাশে ইঁদুর মারার ফাঁদ তৈরি করে রেখেছেন।
এ সময় কাশিপুর গ্রামের চাষি তোজাম্মেল হোসেন জানান, তিনি এবার এক বিঘা জমিতে আমন চাষ করেছেন। এখন ধানের শিষ বের হচ্ছে। এ অবস্থায় খেতে ইঁদুরের উপদ্রব দেখা দেওয়ায় তিনি দুশ্চিন্তায় আছেন। ওষুধ ছিটিয়ে কোনো লাভ হচ্ছে না। এখন তিনি খেতের মধ্যে পলিথিন বেঁধে দিয়েছেন। বাতাসে কাগজ উড়লে পটপট শব্দ হয়। আর সেই শব্দ শুনে ইঁদুর পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
জানতে চাইলে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল প্রথম আলোকে জানান, ইঁদুর দমনের জন্য সবচেয়ে ভালো উপায় খেতে এমন কিছুর ব্যবস্থা করা, যাতে সব সময় শব্দ হয়। শব্দ হলে ইঁদুর ভয়ে খেতে ঢুকবে না। এতে চাষিরা ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।