ধানখেতে ইঁদুরের উপদ্রব, চাষিরা দিশেহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আমন ধানের খেতে ইঁদুরের আক্রমণ দেখা দিয়েছে। এই সময়ে আমন খেতে পাতা ঝলসানো রোগসহ বিভিন্ন রোগের পাশাপাশি ইঁদুরের উপদ্রবে চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন।
উপজেলার সাত-আটজন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, যেসব আমন খেতে পানি জমে বা নিচু, সেসব খেতে ইঁদুরের দল ধানগাছের মাঝখানে কেটে নষ্ট করছে। তারা ইঁদুর তাড়াতে বিভিন্নভাবে চেষ্টা করেও সফল হতে পারছেন না। নদী ও পুকুর এলাকার পাশের জমিতে এই উপদ্রব বেশি। ইঁদুরগুলো আকারে বেশ বড়।
উপজেলার কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, চাষিরা ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার চেষ্টা হিসেবে খেতের মধ্যে বাঁশের কঞ্চি গেড়ে তাতে পলিথিন টাঙিয়ে দিয়েছেন। উপজেলার চকভোলাখাঁ মহল্লার মোজাহার আলী (৫৫) বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর ইঁদুরের উপদ্রব দেখা দিয়েছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় ১৯ হাজার ৯০০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হচ্ছে। আর যেসব এলাকার জমিগুলো নিচু, সেসব এলাকাতে ইঁদুরের আক্রমণ হয় বেশি।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল বলেন, ইঁদুর দমনের জন্য সবচেয়ে ভালো উপায় খেতে এমন কিছুর ব্যবস্থা করা, যাতে সব সময় শব্দ হতে থাকে। শব্দ হলে ইঁদুর ভয়ে আর খেতে ঢুকবে না।