ধানখেতে ছত্রাক, তানোরে চাষির মাথায় হাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোর উপজেলায় ব্রি-৪৯ জাতের ধানে ব্যাপকভাবে ‘লক্ষ্মীর গু’ (লুজ স্মার্ট) ছত্রাকের সংক্রমণ দেখা দিয়েছে। আক্রান্ত ধানের শিষের গায়ে হলুদ আবরণ। কোনোটি পচে কালো হয়ে গেছে।
কৃষকেরা বলছেন, ধানের জন্য সব ধরনের পরিচর্যা ও অর্থ খরচ করেছেন। এখন শুধু ধান কেটে ঘরে তুলবেন। শেষ সময়ে এসে এই ছত্রাক তাঁদের সর্বস্বান্ত করে দিল।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, তানোরে এবার দুই হাজার ৯৫০ হেক্টর জমিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কাছ থেকে সংগ্রহ করা ব্রি-৪৯ জাতের ধান চাষ হয়েছে। এর সিংহভাগ জমিতেই লক্ষ্মীর গু ছত্রাকের সংক্রমণ দেখা দিয়েছে।
গতকাল রোববার উপজেলার কলমা ইউনিয়নের নড়িয়াল গ্রামে গেলে কৃষক আবদুস সামাদ বলেন, তিনি দুই বিঘা জমিতে ব্রি-৪৯ জাতের ধান লাগিয়েছেন। পুরোটাই ছত্রাকের আক্রমণে শেষ হয়ে গেছে। বাকি ১৪ বিঘায় হাইব্রিড সোনার বাংলা ধান করেছেন। তাতেও দু-একটা করে ছত্রাক দেখা যাচ্ছে।
কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়েছেন কি না, জানতে চাইলে সামাদ বলেন, ‘সত্যি কথা বলতে কি, কৃষি বিভাগের কোনো কর্মকর্তা আমাদের গ্রামে আসেন না; আমরাও তাঁদের সঙ্গে যোগাযোগ করি না। বেসরকারি সিনজেন্টা কোম্পানির লোকেরাই বেশি আসেন। তাঁদের কাছ থেকেই পরামর্শ নিয়ে কীটনাশক ও ওষুধ ব্যবহার করি।’
একই কথা বলেন গ্রামের কৃষক হাবিবুর রহমান। তিনি তাঁদের গ্রামের বা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তার নাম জানেন না। তিনি বলেন, তাঁরা ওষুধ কোম্পানির লোকদের পরামর্শে ধান চাষ করে থাকেন। কিন্তু ধানের অবস্থা খারাপ দেখে তিনি স্থানীয় একটি রাজনৈতিক দলের নেতাকে বলেছেন। তিনি উপজেলা সদরে খবর পাঠিয়েছেন। আজ সোমবার নাকি কৃষি কর্মকর্তা আসবেন।
হাবিবুর এবার ১০ বিঘা জমিতে ব্রি-৪৯ জাতের ধান চাষ করেছেন। পুরো জমির ধানে ছত্রাক ধরেছে।
আনিসুর রহমান বলেন, তিনি বোরো মৌসুমে আলু চাষ করেছিলেন। কিন্তু দাম না পেয়ে পথে বসে গেছেন। এবার ব্রি-৪৯ জাতের ধান চাষ করেছিলেন। কিন্তু লক্ষ্মীর গু তাঁকে আবার পথে বসিয়ে দিয়েছে।
কলমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ বলেন, ওই এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা নতুন যোগ দিয়েছেন। এক দিন এসে শুধু সৌজন্য সাক্ষাৎ করেছেন। ধানে ‘লক্ষ্মীর পোকার’ আক্রমণের কথা তিনি কৃষি অফিসে জানিয়েছেন।
নড়িয়াল গ্রামের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, তিনি নতুন এসেছেন। তাঁর ব্লকটিও অনেক বড়। তিনি নড়িয়াল গ্রামে রওনা দিয়েছেন।
তানোর উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুল হক কামালী বলেন, ব্রি-৪৯ জাতের কারণেই এ সমস্যা হচ্ছে। গতবার অল্প অল্প সমস্যা হয়েছিল। এবার ব্যাপক আকারে দেখা দিয়েছে।
কৃষি কর্মকর্তা বলেন, ধানগাছ আক্রান্ত হওয়ার আগে তাঁরা কারবেনডাজিন গ্রুপের ছত্রাকনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। আক্রান্ত হলে ধানের শিষ ছিড়ে পলিথিনের ব্যাগে ভরে অন্য জায়গায় ফেলতে হবে। ওই খেতের কিছু ভালো ধান থাকলেও পরে তা বীজ হিসেবে ব্যবহার করা যাবে না।