ধানখেতে নেক ব্ল্যাস্ট, দুশ্চিন্তায় কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে ধান কাটার আগ মুহূর্তে নেক ব্ল্যাস্ট রোগ দেখা দিয়েছে। এতে স্থানীয় কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, এবার উপজেলার ১২ হাজার কৃষক ৭ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো চাষ করেছেন। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৫ হাজার মেট্রিক টন। কিন্তু ধান কাটার আগ মুহূর্তে নেক ব্ল্যাস্ট রোগের কারণে ধানের শিষের নিচে কালো দাগ দেখা দিয়েছে এবং শিষ দ্রুত মরে যাচ্ছে।
সূত্র জানায়, এই রোগে উপজেলার অন্তত ১০ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে।
মাতারবাড়ী ইউনিয়নের পূর্ব মগডেইল এলাকার কয়েকজন কৃষক বলেন, ধান কাটার আগ মুহূর্তে প্রথমে ধানের শিষের নিচে কালো দাগ দেয়। পরে শিষ দ্রুত মরে গিয়ে সাদা হয়ে যায়। নেক ব্ল্যাস্ট রোগের কারণে বোরোর বাম্পার ফলন নিয়ে তাঁরা শঙ্কিত।
একই এলাকার কৃষক আবদুল হামিদ বলেন, নেক ব্ল্যাস্ট রোগের কারণে অনেক কৃষককে লোকসান গুনতে হবে।
বড় মহেশখালী ও কুতুবজোম ইউনিয়নের দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা দিদারুল ইসলাম বলেন, নেক ব্ল্যাস্ট রোগ সত্ত্বেও বোরো চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।