ধানখেতে পোকার আক্রমণ বাড়তি খরচ কৃষকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে চলতি আমন মৌসুমে ধানের খেতে কারেন্ট পোকার আক্রমণ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন কৃষকেরা। ফসল রক্ষায় তাঁরা খেতে কীটনাশক প্রয়োগ করতে বাধ্য হচ্ছেন। এতে বাড়তি টাকা খরচের মুখে পড়েছেন তাঁরা। স্থানীয় কৃষকদের ভাষ্যমতে, মাসখানেক ধরে ধানের খেতে এই পোকার আক্রমণ দেখা দিয়েছে।
এদিকে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার কিছু এলাকায় কারেন্ট পোকা দেখা দিয়েছে। দপ্তরের তথ্যমতে, উপজেলায় চলতি আমন মৌসুমে ২২ হাজার ৩০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধানের চাষ হয়েছে।
বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আবদুর রহিম বলেন, ভ্যাপসা গরম, খেতে অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করা, খেত দীর্ঘদিন জলাবদ্ধ থাকা এবং বিশৃঙ্খলভাবে ধানের চারা রোপণ করার কারণে এ পোকার আক্রমণের অনুকূল পরিবেশ তৈরি হয়। তিনি আরও বলেন, খেতে আলোর ফাঁদ বানিয়ে পোকাটি চিহ্নিত করে খেতগুলোতে কীটনাশক প্রয়োগের মাধ্যমে ফসল রক্ষা করা সম্ভব।
উপজেলার কুসুম্বী, শাহবন্দেগী, মির্জাপুর ও বিশালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২০ জন কৃষক বলেন, এলাকায় বিগত বছরগুলোতে বোরো মৌসুমে ধানখেতে এই পোকার আক্রমণ দেখা দিত। এবার আমন মৌসুমেও ধানের খেতে এই পোকা দেখা দিয়েছে।
কুসুম্বী ইউনিয়নের আমইন গ্রামে গেলে স্থানীয় কৃষক মোবারক আলী বলেন, তিনি এবার আড়াই বিঘা জমিতে বিআর-৪৯ জাতের ধানের চাষ করেছেন। তাঁর খেতের কিছু ধানগাছে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা খাজানুর রহমান বলেন, স্থানীয় কৃষকদের চিন্তিত হওয়ার কিছু নেই। কারেন্ট পোকার আক্রমণ থেকে ফসল রক্ষায় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তিনি বলেন, এ বছর আমন মৌসুমে উপজেলায় ধানের ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।