কক্সবাজারের চকরিয়ায় ধানখেত থেকে এক যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের বালুরচর এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। সন্ধ্যা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ বলছে, ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে নিয়ে যাওয়া হয়েছে। পরে মরদেহটি রাস্তার পাশের ধানখেতে ফেলে দেয় দুর্বৃত্তরা।
সকাল আটটায় সরেজমিনে বালুরচর এলাকায় দেখা যায়, গ্রামের রাস্তার পাশে ধানখেতে লাশটি পড়ে আছে। গলা থেকে উপরের অংশ (মস্তক) নেই। ধানখেতের পানি রক্তে লাল হয়ে গেছে। তাঁর পরনে ছিল সাদা শার্ট ও কালো প্যান্ট। এক পায়ে কালো স্যান্ডেল পড়া রয়েছে। আরেকটি স্যান্ডেল রয়েছে লাশের পাশে। লাশ দেখতে ভিড় করে আছে অনেক মানুষ।
খুটাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহমান প্রথম আলোকে বলেন, কয়েকজন মুসল্লি গতকাল ভোরে রাস্তার পাশের ধানখেতে মস্তকবিহীন লাশ দেখতে পেয়ে তাঁকে খবর দেন। পরে তিনি খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
সকাল নয়টার দিকে কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মতিউল ইসলাম ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মস্তক না থাকায় লাশ শনাক্ত করতে সমস্যা হচ্ছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করবে।