ধানখেতে মিলল মানুষের কঙ্কাল
সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকার নিদনপুর এলাকার খেতে আবাদ করার সময় মানুষের কঙ্কাল পাওয়া গেছে। গত মঙ্গলবার দুপুরে ওই কঙ্কালের সন্ধান পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ কঙ্কাল উদ্ধার করেছে।
বন্যার পানি নেমে যাওয়ায় মঙ্গলবার লামা নিদনপুর গ্রামের কৃষকেরা জমিতে চাষ করতে যান। এ সময় তাঁরা বিচ্ছিন্ন কয়েকটি হাড় দেখতে পান। প্রথমে অন্য কোনো প্রাণীর হাড় মনে করে বিষয়টি এড়িয়ে গেলেও পরবর্তী সময় মানুষের মাথার খুলি দেখতে পান। তখন পুলিশকে খবর দেওয়া হয়।
নিখোঁজ হেলালের ছোট ভাই লাভু আহমদ বলেন, তাঁর বড় ভাই হেলাল উদ্দিন (৫৫) দীর্ঘদিন থেকে পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। তিনি গত ১ জুলাই বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। তখন বাড়ির চারদিকে বন্যার পানি ছিল। এরপর অনেক খোঁজাখুঁজি করেছেন। কিন্তু কোথাও না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তিনি আরও বলেন, উদ্ধার করা কঙ্কালের আকৃতি দেখে গ্রামবাসীর ধারণা, কঙ্কালটি হেলাল উদ্দিনের হতে পারে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘কঙ্কালটি দেখে আমাদেরও ধারণা এটি মাস দেড়েক আগের হতে পারে। তবে ডিএনএ টেস্ট ছাড়া এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।’
ডিএনএ টেস্টের জন্য কঙ্কাল সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে জানান ওসি।