ধানখেতে ১৪৪ ধারা জারি
বগুড়ার ধুনট উপজেলার কৈগাঁতী গ্রামের একটি জমিতে গতকাল বৃহস্পতিবার আদালতের নির্দেশে পুলিশ ১৪৪ ধারা জারি করেছে। চাঁদা দাবি করে না পেয়ে এক কৃষকের ২৯ বিঘা জমির ধান কেটে নেওয়ার হুমকি দিয়ে আসছিল চাঁদাবাজেরা। ভুক্তভোগী কৃষক মঙ্গলবার আদালতে মামলা করেন। এর আগে চাঁদাবাজেরা ওই খেতে লাল পতাকা উড়িয়ে দখলের চেষ্টা চালায়।থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কৈগাঁতী গ্রামের মৃত গোলাম মূর্তজার ছেলে নুরুন্নবী তালুকদারের বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নাগেশ্বরগাতী মৌজায় পৈতৃকসূত্রে পাওয়া ১০ বিঘা ও ক্রয়সূত্রে ১৯ বিঘা মোট ২৯ বিঘা জমি রয়েছে। নুরুন্নবী ওই জমিতে চাষাবাদ করে আসছিলেন। প্রতিবছরই জমি চাষ করতে স্থানীয় সংঘবদ্ধ একটি চক্রকে মোটা অঙ্কের চাঁদা দিতে হয়। এ বছর জমিতে ধান লাগানোর পর থেকেই সংঘবদ্ধ চক্রটি জমির ভুয়া ওয়ারিশ সেজে নুরুন্নবীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। নুরুন্নবী চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এতে তারা ক্ষুব্ধ হয়ে ১১ এপ্রিল ধানখেতে অর্ধশত খুঁটি পুঁতে তাতে লাল পতাকা উড়িয়ে দখলের চেষ্টা চালায়। গত ১২ এপ্রিল নুরুন্নবী বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ ইসমাইল হোসেন (৩৫), আতিকুল ইসলাম (২২) ও আশরাফুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। বর্তমানে তাঁরা জামিনে মুক্তি পেয়ে নুরুন্নবীর জমি থেকে ধান কেটে নেওয়ার হুমকি দেন। এরই পরিপ্রেক্ষিতে আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করেন এবং গতকাল পুলিশ এসে আদালতের ওই নির্দেশ জানিয়ে যায়।