ধানখেতে ‘কারেন্ট পোকা’ বিপাকে বোরোচাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর সদর ও কালকিনি উপজেলায় ধানখেতে ‘কারেন্ট পোকা’র আক্রমণে বিপাকে পড়েছেন বোরোচাষিরা। ওষুধ প্রয়োগ করেও সুফল পাচ্ছেন না তাঁরা।সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া গ্রামের কৃষক ইসমাইল শিকদার বলেন, ‘সেকেন্ডে সেকেন্ডে ধানখেতে পোকা লাগছে। একেকটা ধানগাছে হাজার হাজার পোকা ধরছে। কাঁচা ধান খাইয়া ফেলছে। এই গ্রামের আমাদের একটি ব্লকেরই ২০০ কানি (৩২০ একর) জমির ধান নষ্ট হইয়া গেছে। এত কষ্ট করে ধান ফলাইছি, সার দিছি, পানি দিছি। পোকায় গোড়া খাইয়া ফেলাইলে ধান মইরা শুকাইয়া যায়। ওষুধ কিনে দিয়েছি কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। এখন আমরা কী করব, তা-ও বুঝি না।’সরেজমিনে দেখা গেছে, মাদারীপুরে এখনো পুরোদমে বোরো ধান কাটা শুরু হয়নি। কয়েকটি এলাকায় এরই মধ্যে পোকায় ক্ষতিগ্রস্ত খেত থেকে কৃষক কাঁচা ধান কেটে নিচ্ছেন। আক্রান্ত একেকটি ধান গাছের গোড়ায় অসংখ্য ছোট ছোট পোকা। কৃষকেরা জানান, বিদ্যুতের মতো দ্রুতগতিতে ক্ষতি করে বলে এই পোকার স্থানীয় নাম ‘কারেন্ট পোকা’। এর বৈজ্ঞানিক নাম ‘বাদামি গাছ পোকা’। এই পোকার আক্রমণে দ্রুত খেতের ধানগাছ নষ্ট হয়ে পুড়ে যায়। কোনো কীটনাশকে কাজ হয় না। তাই কাঁচা ধান কাটতে বাধ্য হচ্ছেন অনেকে।মস্তফাপুর গ্রামের ব্লক ম্যানেজার শাহআলম শিকদার জানান, ‘পোকায় গাছের গোড়ার দিকে খাইয়া ধানডারে চিডা বানাইয়া হালাইছে। এই বছর যে ক্ষতি হইছে, তা কোনো বছর অয় নাই।’ একই গ্রামের কৃষক মোনাচ্ছেফ শরীফ বলেন, ‘আমি আড়াই বিঘা জমিতে বোরো ধান চাষ করছি। কারেন্ট পোকা ধরায় কাঁচা ধান কাইটা ফেলতে হচ্ছে।’ একই ধরনের কথা বলেন কালকিনি উপজেলার মজিদবাড়ির কৃষক নূরুদ্দিন ও কলম খান, মাইজপাড়া এলাকার কৃষক জুয়েল শিকদারসহ কয়েকজন।মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) গোলাম মোস্তফা বলেন, স্থানীয় ভাষায় যাকে ‘কারেন্ট পোকা’ বলা হয় বৈজ্ঞানিক ভাষায় তার নাম ‘বাদামি গাছ পোকা’ বা (বিপিএইচ)। কারেন্ট পোকা অত্যন্ত ক্ষতিকর। এটি ব্যাপকভাবে লেগে গেলে ধানখেতের অনেক বেশি ক্ষতিসাধন করতে পারে। এ পোকা সম্পর্কে কৃষক ও কৃষি বিভাগ এত বেশি সচেতন যে কোথাও পোকা ধরার লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়। গত ২২ এপ্রিল কালকিনির মাইজপাড়া এবং ২ ও ৩ মে মাদারীপুর সদরের মস্তফাপুর এলাকায় কৃষি বিভাগের লোকজন গিয়ে কীটনাশক দিয়ে পোকা নিধন এবং কৃষকদের এই বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেনউপপরিচালক গোলাম মোস্তফা বলেন, শুধু কীটনাশক দিয়ে এই পোকা দমন করা সম্ভব নয়। এ জন্য প্রথমে জমি থেকে পানি বের করে দিতে হবে। আর ধানগাছ বেশি ঘন হয়ে থাকলে বিলি কেটে গাছের গোড়ায় আলো-বাতাস প্রবেশের ব্যবস্থা করতে হবে। এরপর অনুমোদিত কীটনাশক যেমন সফসিন, মিপসিন প্রভৃতি কীটনাশক গাছের গোড়ায় দিতে হবে। এতে পোকা সব মরে যাবে। তার পরও আক্রান্ত ধানের আশপাশে যদি পাকা ধান থাকে, তবে তা দ্রুত কেটে নিতে হবে।