ধানখেতের মধ্যে ইটভাটা
ইট পোড়ানোর আইন লঙ্ঘন করে রংপুরের কাউনিয়া উপজেলায় আবাদি জমির মাঝখানে অবৈধভাবে ইটভাটা নির্মাণ করা হচ্ছে। এটি নির্মাণের জন্য পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে কোনো ছাড়পত্রও নেওয়া হয়নি। ইটভাটা নির্মাণ বন্ধের দাবিতে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছে। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজীব গ্রামের চৈতা মোড় এলাকার পাশে ধানখেতের মাঝখানে এ ইটভাটা নির্মাণ করা হচ্ছে। রাজীব গ্রামের আনোয়ার হোসেন, আবদুুর রাজ্জাক ও পীরগাছা উপজেলার আবদুল হান্নান এ ইটভাটা নির্মাণ করেছেন। ইটভাটার মালিক আবদুল হান্নান বলেন, ‘যে জমিতে ভাটা করা হচ্ছে, তা আমাদের।’ পরিবেশ অধিদপ্তরের নিয়ম না মেনে এই ভাটা করা হচ্ছে—এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রেজা ব্রিকস নামে অপর একটি জায়গায় তাঁদের একটি ইটভাটা আছে। ওই ইটভাটার নামে লাইসেন্স আছে। সেই ইটভাটাটি এখন এই জমিতে স্থানান্তর করা হচ্ছে। তবে নতুন জমিতে ইটভাটা নির্মাণের জন্য তাঁরা পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে কোনো অনুমোদন নেননি। রংপুর পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, ইট পোড়ানো আইন ৯৭ অনুযায়ী আবাদি জমির মাঝখানে ইটভাটা করা যাবে না। নিজের জমিতেও ইটভাটা করা যাবে না। আশপাশের জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকায় এ আইন করা হয়েছে। সহকারী পরিচালক আনোয়ার হোসেন আরও বলেন, ‘রাজীব গ্রামের চৈতা মোড় এলাকায় নতুন ভাটা নির্মাণের বিষয়টি আমাদের জানা নেই। এই ইটভাটা নির্মাণের জন্য পরিবেশ অধিদপ্তরে কোনো আবেদনও করা হয়নি। ইটভাটা করতে হলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের প্রয়োজন আছে। কিন্তু তা মানা হয়নি।’ রোববার সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাজীব গ্রামের চৈতা মোড় এলাকায় ভাটা নির্মাণের কাজে নিয়োজিত শ্রমিকেরা খেতের মাঝের জমির ধানগাছ কেটে একটি ছোট রাস্তা তৈরি করছেন। ওই রাস্তায় ফেলা হচ্ছে মাটি, বালু ও ইট। পাশাপাশি চিমনি নির্মাণকাজও এগিয়ে চলছে। নির্মাণাধীন ইটভাটার উত্তর দিকের জমির মালিক হোসেন আলী সরকার বলেন, আবাদি জমির মাঝখানে এ ভাটা নির্মাণ করা হচ্ছে। এতে করে তিনিসহ আশপাশের জমির মালিকেরা জমিতে ধানসহ অন্যান্য ফসল ফলাতে পারবেন না বলে তিনি মন্তব্য করেন। ইটভাটার দক্ষিণ পাশের জমির মালিক হাসান আলী বলেন, ‘এটে ভাটা হইলে হামার জমি ছাড়ি দেওয়া লাগবে। এ ব্যাপারে ইউএনওর কাছে একটি আবেদন করা হইছে।’ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে একটি অভিযোগ ইউএনও সাহেব দিয়েছেন। আমি অসুস্থ থাকার কারণে বিষয়টি এখনো দেখতে পারিনি। তবে সুস্থ হয়ে এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা কৃষি কর্মকর্তা আ ক ম রুহুল আমিন বলেন, ‘বিষয়টি আমাদের এখতিয়ারের বাইরে। তবে আবাদি জমির মাঝখানে ইটভাটা নির্মাণ করা হলে একসময় এই ভাটার আশপাশের জমিতে ফসল ফলবে না। আবাদি জমি আর থাকবে না।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন সুলতানা বলেন, ‘আবাদি জমির মাঝে ইটভাটা নির্মাণের বিষয়ে এলাকাবাসীর কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য এসি ল্যান্ডকে (সহকারী কমিশনার) দায়িত্ব দিয়েছি।’